সরকারি দলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন বৃহস্পতিবার সংসদ ছুটি দিয়ে এমপিদের নিজ নির্বাচনী এলাকায় গিয়ে হাসপাতাল পরিদর্শনের পরামর্শ দিয়েছেন।
বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মাগুরা–১ আসনের এই সংসদ সদস্য এ পরামর্শ দেন। তবে আগামীকাল সংসদের অধিবেশন বসবে।
মনোয়ার হোসেন বলেন, ‘হাম এখন মহামারির রূপ নিচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে।’
সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে হামে আক্রান্ত শিশুদের। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে।
নিজ সংসদীয় আসনের স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে মনোয়ার হোসেন বলেন, ২০০ শয্যার হাসপাতাল ভবন থাকলেও সেটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। হাসপাতালের দুটি লিফটই অকার্যকর। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ডায়ালাইসিস ইউনিট চালুর মতো প্রস্তুতিও সম্পূর্ণ হয়নি। ফলে গুরুতর রোগীদের অন্যত্র পাঠাতে হচ্ছে।
চাঁদপুর–৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মমিনুল হক বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, যা তিনি ইতিবাচকভাবে দেখছেন।
এ সময় বিএনপির ১৬ বছরের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের শহীদ পরিবারগুলো ২৫ লাখ টাকা করে সহায়তা পেলেও এর আগের সময়ের নিহত নেতা–কর্মীদের পরিবার সেই সহায়তা পাননি। দীর্ঘদিন জেল–জুলুম ও মিথ্যা মামলা মোকাবিলা করতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে ভেঙে পড়েছে। তাদেরও সহায়তার আওতায় আনা উচিত।
অন্যদের মধ্যে নরসিংদী–১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, খুলনা–১ আসনের আমীর এজাজ খান, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, গাইবান্ধা–৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার প্রমুখ আলোচনায় অংশ নেন। এই চারজনই বিএনপিদলীয় সংসদ সদস্য।






