বিসিবির নতুন জাতীয় নির্বাচক প্যানেল ২৩ মার্চ ঘোষণা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেছে আজ ১ এপ্রিল থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রথম দিনেই চার নির্বাচক একসঙ্গে দেখা করেছেন।

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই পূর্বপরিকল্পনা মেনে সৌদি আরবে উমরাহয় গিয়েছিলেন হাবিবুল বাশার। তিনি ফিরেছেন গতকাল। আজ প্রথম দিনে নির্বাচকদের মূল কাজ ছিল নিজেদের মধ্যে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ। কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বলতে না চাইলেও নতুন প্রধান নির্বাচক হাবিবুল বলেছেন, “আমরা পরিসংখ্যান দেখে দল বানাতে চাই না।”

চার নির্বাচকের মধ্যে সবার সঙ্গে সবার আগে থেকেই পরিচয় ও বোঝাপড়া রয়েছে। নিজের কমিটি নিয়ে হাবিবুলের মন্তব্য, “খুবই তরুণ ও এনার্জিটিক একটা প্যানেল হয়েছে। অনেক দিন ক্রিকেটের সঙ্গে নেই, এমন কেউ নির্বাচক হলে ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ধারণা কম থাকে। নাদিফ আর নাঈম অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছে, খুব বেশি দিন হয়নি খেলা ছেড়েছে। কে কেমন করছে, তারা এটা ভালো জানে।”

হাবিবুল আগেও জাতীয় নির্বাচক ছিলেন। হাসিবুল ছিলেন গাজী আশরাফের নেতৃত্বাধীন সর্বশেষ প্যানেলে। নাদিফ চৌধুরী জাতীয় নির্বাচক কমিটিতে আসার আগে দুই বছর বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে ছিলেন। নির্বাচক কমিটিতে একেবারে নতুন মুখ শুধু নাঈম ইসলাম।

জাতীয় নির্বাচক হয়ে রোমাঞ্চিত হলেও নাদিফের কাছে কাজটি স্বাভাবিকভাবে নতুন মনে হচ্ছে না। তিনি বলেছেন, “ওনারা (হাবিবুল ও হাসিবুল) দুজন অভিজ্ঞ, আমরা দুজন নতুন। তবে কাজটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। আমার জন্য খুব কঠিন কিছু হবে না। নতুনও লাগছে না একদমই। জায়গাটা শুধু বদলেছে, কাজ একই আছে।”

১৭ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে, এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। হাবিবুল বাশারের নির্বাচক কমিটির দায়িত্ব শুরু হবে এই সিরিজের দল গঠন করে।

আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে বিদায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটি প্রাথমিক তালিকা দিয়ে গিয়েছিলেন। কোচ ফিল সিমন্সের অধীনে তারা এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে। হাবিবুল বাশারের কমিটি নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই করবে এখান থেকে।

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় নিউজিল্যান্ড দল বেশিরভাগ বড় তারকাদের ছাড়া বাংলাদেশে আসবে। ওয়ানডে দলে থাকা তিন পেসার সবাই চোট কাটিয়ে ফিরছেন। বাকিরা কেউ ‘এ’ দলে ভালো খেলে সুযোগ পেয়েছেন, কেউ কেউ একেবারে নতুন মুখ।

ঘরের মাঠের সিরিজের জন্য ওয়ানডেতে অন্তত অভিজ্ঞ দল গড়ার কথা বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ে থেকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ রয়েছে সামনে। সেটা মাথায় রেখে বিশ্বকাপের সম্ভাব্য দল গোছানো শুরু করতে চাইবে নির্বাচক কমিটি।