সাফ অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মার্ক কক্সের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল। নেপাল রোনান সুলিভানকে বোতলবন্দী করার চেষ্টা করলেও বাংলাদেশের জয়ের পথ আটকাতে পারেনি।

এ নিয়ে সাফ অনূর্ধ্ব–২০ পর্যায়ে তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। ২০২২ সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ফাইনালে হেরেছিল যুবারা। তবে ২০২৪ সালে নেপালকে তাদের মাটিতে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আজ রাত সাড়ে ৯টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। সে ম্যাচের জয়ী দলের সঙ্গে ৩ এপ্রিল শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল।

মালের জাতীয় স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। পোস্টের দুই প্রান্ত দিয়ে তৈরি ক্রসগুলো সামলাতে নেপালকে রীতিমতো কষ্ট হয়েছে। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মোরশেদ আলীর ক্রস পেয়ে বক্সের মধ্যে দারুণ হেডে বল জালে পাঠান মোহাম্মদ মানিক।

এক মিনিট পর পাল্টা আক্রমণে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রোনান সুলিভান লক্ষ্যভেদ করলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। দ্রুত গোল হজম করে নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের জমাট রক্ষণভাগ ভেদ করতে পারেনি। এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশও দ্বিতীয় গোলের সন্ধানে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। ৩৬ মিনিটে নাজমুল হুদার রক্ষণ চেরা পাস থেকে রোনান শট নেওয়ার আগেই নেপালের গোলকিপার পেম্বা বল গ্লাভসবন্দী করেন।

দ্বিতীয়ার্ধে সতর্ক ফুটবল খেলে বাংলাদেশ নিজেদের পায়ে বল রেখে মাঝেমধ্যে আক্রমণ শানিয়েছে। ৫২ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন মানিক, তার বদলে জয় আহমেদ নামেন। ৫৬ মিনিটে বক্সে বল পেয়েও নিশানা ভেদ করতে পারেননি নাজমুল। ৮৭ মিনিটে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনানের ভাই ডেক্লান সুলিভানের।

শেষ ১৫ মিনিট নেপাল বাংলাদেশের গোলমুখে চাপ তৈরি করলেও ডিফেন্ডারদের দৃঢ়তায় জালের খোঁজ পায়নি। ৯৬ মিনিটে দারুণ সুযোগ পেলেও গোলকিপারকে একা পেয়ে ডেক্লানের পাস কাজে লাগাতে পারেননি সুমন সরেন।