বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন এই জয় ব্রাজিলের জন্য সন্তোষজনক ফল।

আগের ম্যাচে ফ্রান্সের কাছে হারের একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন ব্রাজিলীয় কোচ আনচেলত্তি। এতে ব্রাজিল খেলায় ধারালো আকার ধরে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। যদিও প্রথম গোলটি একটু দেরিতে পেয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন দানিলো।

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছিলেন, দানিলোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিশ্চিত। আজ তার দুর্দান্ত পারফরম্যান্সে কোচ নিশ্চয়ই খুশি। ম্যাচের ৮৪ মিনিট থেকে পরবর্তী ৮ মিনিটের মধ্যে আরও ৩ গোল হয়েছে।

৮৪ মিনিটে ফ্রুকের পাস থেকে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি করেন লাভরো মেজর। এর চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ইগর থিয়াগো ব্রাজিলকে আবার এগিয়ে দেন। যোগ করা সময়ে (৯২ মিনিট) গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে জয় নিশ্চিত করেন। অর্থাৎ, ৫ মিনিটের মধ্যে ক্রোয়েশিয়ার জালে দুই গোল ঢোকায় ব্রাজিল।