লিওনেল মেসির উপস্থিতি আর্জেন্টিনার খেলায় সত্যিই ‘এক্স ফ্যাক্টর’ প্রমাণ করেছে। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি ছিলেন না একাদশে, বিরতির পর মাঠে নামেন। ২-১ গোলে জয় পেলেও আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি। কিন্তু আজ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়ে দিয়েছিলেন মেসিকে শুরু থেকে খেলাবেন। সেই অনুযায়ী মেসি পুরো সময় মাঠে ছিলেন এবং আর্জেন্টিনার খেলাও ফিরে এসেছে ছন্দে। আফ্রিকান দল জাম্বিয়াকে ৫-০ গোলে পরাজিত করে স্কালোনির দল।

দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্জেন্টিনা, অন্য গোলটি আত্মঘাতী। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজ ও মেসি গোল করেন। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে নিকোলাস ওতামেন্দি গোল করেন। এর ১৮ মিনিট পর জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোল। যোগ করা সময়ে (৯৩) ভ্যালেন্টিন বারকো ম্যাচের শেষ গোলটি করেন।

বুয়েনস এইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটোই ছিল আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। অন্য অর্ধে, এগুলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সম্ভবত এ কারণেই স্কালোনি আটজন বদলি নামান। এমনকি ৭৪ মিনিটে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে তুলে হুয়ান মুসোকে সুযোগ দেন।

৪ মিনিটে আলভারেজের প্রথম গোলের উৎস মেসি। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দুরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে বল ফেলেন মেসি। ডান পায়ের জোরালো শটে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আর্জেন্টিনাকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মেসি গোল করেন। জাম্বিয়ার বক্সে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে গোল। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই হতে পারে মেসির শেষ গোল। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষে মেসির গোল, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

৫০ মিনিটে পেনাল্টির নেপথ্যে থিয়াগো আলমাদা। জাম্বিয়ার রক্ষণে ফাউলের শিকার হন তিনি। রেফারি পেনাল্টি দেখিয়ে স্পটকিক মেসির পরিবর্তে ওতামেন্দিকে দেন। দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে এটাই ওতামেন্দির শেষ ম্যাচ। চতুর্থ গোল আদায় করে আর্জেন্টিনা ক্রমাগত চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে চান্দার পায়ে লেগে বল জালে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। সার্বিয়া নিশ্চিত হয়েছে একটিতে, অন্যটির প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। সার্বিয়ার ম্যাচ যুক্তরাষ্ট্রে। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ, আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।