দেশের চিনি বাজারে শীর্ষে থাকা সিটি সুগার ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে ১ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এছাড়া নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই দুই প্রতিষ্ঠানের দুটি বন্ডের অনুমোদন হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৩০০ কোটি টাকার তিন বছর মেয়াদি বন্ডটি মেয়াদ শেষে পুরোপুরি অবসায়িত বা বাতিল হবে। এই বন্ড থেকে সংগ্রহিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধ করবে। করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বিক্রি করা হবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মুনাফার হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ডটি শেয়ারবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

অন্যদিকে, সাজেদা ফাউন্ডেশন দেশের প্রথম অরেঞ্জ বন্ডের মাধ্যমে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। এই বন্ডের মেয়াদ ১ থেকে ৩ বছর এবং মেয়াদ শেষে পুরোপুরি অবসায়িত হবে। সুদহার ৭ থেকে সাড়ে ১১ শতাংশ নির্ধারিত হয়েছে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বিক্রি হবে। সংগ্রহিত অর্থ দিয়ে সংস্থাটি ক্ষুদ্রঋণের পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণ করবে। এই অর্থ নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা ও নারীর ক্ষমতায়নে ব্যবহার করা হবে।