নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতাধীন বাসের ভিতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে অবস্থিত কালুর গ্যারেজে রাখা বাসটি থেকে লাশটি পাওয়া যায়।

মৃত যুবকের নাম জাহিদ ইসলাম (২২)। তিনি মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। জাহিদ বি আর সুপার পরিবহন নামক বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও নওগাঁ সদর থানা–পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ এই বাসে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সোমবার বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা দলে বরুনকান্দি মোড়ের কালুর গ্যারেজে এটি মেরামতের জন্য নিয়ে আসা হয়। সেখানে ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। গতকাল রাতে খাবার সেরে জাহিদ তাঁর সহকর্মী ইউসুফের সঙ্গে বাসটির মধ্যেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে জাগানোর জন্য বারবার ডাকেন, কিন্তু কোনো সাড়া পান না। পরে থানা–পুলিশকে খবর দেওয়া হলে আজ বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুটি স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। তবে এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।