নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোরে এক গৃহবধূ নামাজ পড়ছিলেন। নামাজরত অবস্থায় হঠাৎ তাঁর স্বামী গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম গোলাম সারোয়ার (৪০)। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, গোলাম সারোয়ারের স্ত্রীর নাম শাহানারা বেগম। তাঁদের দুই সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের দিনই নিহত শাহানারার বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ আদালত রায় ঘোষণা করেন। মামলায় নিহত শাহানারার ছেলে সাক্ষী দিয়েছে, যখন তার বয়স ছিল ৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী। তিনি বলেন, “শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত রায় দিয়েছেন। এ রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।”