এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এনেছে। ম্যাচ সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টস জানিয়েছে, সর্বশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে কোচ হাভিয়ের কাবরেরা এই পরিবর্তনগুলো করেছেন। দলে ফিরেছেন শেখ মোরছালিন। এছাড়া গোলবারের দায়িত্ব ফিরে পেয়েছেন আবাহনীর মিতুল মারমা।
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রাইহান কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সমিত সোম
কোচ হাভিয়ের কাবরেরার কাছে এই ম্যাচ তবু কম গুরুত্বপূর্ণ নয়। কাল সিঙ্গাপুরের কাল্লাংয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি। তবে যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্টই পেয়েছি। সিঙ্গাপুর ম্যাচটা অন্তত ভালোভাবে শেষ করতে চাই। যাতে আরও তিন পয়েন্ট পেতে পারি।’
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র একটিই জয়, অন্য ৫ ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ তাই এক অর্থে নিয়ম রক্ষার।
অন্যদিকে ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে রেখেছে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগত। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।






