রাজশাহীর বাগমারা উপজেলায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে মুদিদোকানি আবদুস সাত্তার (৪৫) দোকানের পেছনে জারকিন ও ব্যারেলে পেট্রল ও ডিজেল মজুত করছিলেন। গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রিও চালাতেন তিনি। কিন্তু পুলিশের হাত এড়াতে পারেননি।

আজ মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করে। এর মধ্যে ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসায়ী আবদুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয়।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটের মুদিদোকানের পেছনে এসব জারকিন ও ব্যারেল পাওয়া যায়। খবর পেয়ে আজ ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। দোকানের ভেতর গোপন স্থানে রাখা জারকিন ও ব্যারেল খুলে পেট্রল ও ডিজেল উদ্ধার করা হয়। এসময় মুদিদোকানি আবদুস সাত্তারকে আটক করা হয়।

ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে আবদুস সাত্তার দীর্ঘদিন ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, অধিক দামে বিক্রির জন্য পেট্রল ও ডিজেল মজুত করেছিলেন। তিনি এসব বেশি দামে সংগ্রহ করেছিলেন।

আজ বেলা ১১টায় জব্দকৃত পেট্রল, ডিজেলসহ আবদুস সাত্তারকে দোকানে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আবদুস সাত্তার নিজের অপরাধ স্বীকার করেন।