খেলোয়াড়ের কক্ষে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ম ভঙ্গের অভিযোগে লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স একটি বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনাটি যাচাই করা হয়েছে। এটি কোনো ইচ্ছাকৃত নিয়ম লঙ্ঘন ছিল না, বরং ভুল-বোঝাবুঝির ফলে এমনটা ঘটেছে। ফ্র্যাঞ্চাইজিটি দাবি করেছে, ‘ঘটনাটি জনসমক্ষে যেভাবে এসেছে, সেটা অতিরঞ্জিত এবং আসল প্রসঙ্গ ছাপিয়ে যায়।’
বিভিন্ন সংবাদমাধ্যমের জানানো মতে, গত শনিবার রাতে শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার সঙ্গে চারজন অননুমোদিত দর্শনার্থী দেখা করতে আসেন। নিরাপত্তাকর্মী ও পিসিবি কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও দর্শনার্থীদের খেলোয়াড়দের ফ্লোরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবু অনুমতি না পাওয়া সত্ত্বেও নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে শাহিন ও রাজা সেই দর্শনার্থীদের হোটেলের রুমে নিয়ে যান। সেখানে তারা প্রায় তিন ঘণ্টা ছিলেন বলে পিএসএল প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে পাঞ্জাব পুলিশের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে।
যদিও কালান্দার্সের অলরাউন্ডার সিকান্দার রাজা দাবি করেন, দর্শনার্থীদের সঙ্গে তারা ‘প্রায় ৪০ মিনিট ওপরে’ ছিলেন। ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে রাজা বলেন, ‘দোষ আমার, শাহিনের নয়। আমার অনুরোধেই সে নিচে যায়। কারণ, তারা আমার পরিবার ও বন্ধু; আমি তাদের সঙ্গে বিজনেস সেন্টারে দেখা করতে চাইনি।’
এ ঘটনায় পিএসএল-এর কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা তা যাচাই করতে ঘটনার পরপরই লাহোর কালান্দার্স তদন্ত শুরু করে। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে’ অধিনায়কের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।
কালান্দার্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘শৃঙ্খলার স্বার্থে ও দৃষ্টান্ত স্থাপনে শাহিন আফ্রিদির সংশ্লিষ্টতার কারণে তাকে ১০ লাখ রুপি জরিমানা করার স্বপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এ বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণসহ একটি আনুষ্ঠানিক প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দেওয়া হয়েছে।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে শাহিনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ২। ২৬ মার্চ হায়দরাবাদ কিংসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও গত রোববার করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।






