গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে ২–১ গোলের জয়ের প্রীতি ম্যাচে বিরতির পর মাঠে নামেন লিওনেল মেসি। ঘরের মাঠে দর্শকদের সামনে তিনি কেন শুরু থেকে খেলেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এর পেছনে একাধিক কারণ রয়েছে। মেসির বয়স ৩৮, এমএলএস মৌসুম চলছে, তাই তিনি খেলার মধ্যেই ছিলেন। ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম দলের বিরুদ্ধে প্রথমার্ধে তাঁকে বিশ্রাম দেওয়া সিদ্ধান্ত অবাক করার মতো ছিল না।
এছাড়া আরও একটি কারণ থাকতে পারে। মার্চের এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আরও একটি ম্যাচ খেলবে, সেটাও লা বোমবেনারা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ। বিশ্বকাপের পূর্বে ঘরের মাঠে শেষ ম্যাচে মেসির শুরু থেকে খেলা দর্শকদের প্রত্যাশিত। আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সেই নিশ্চয়তা দিলেন।
মৌরিতানিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকে খেলানো যেত। কিন্তু বয়স, বিশ্রাম এবং দুই ম্যাচের মধ্যবর্তী জাম্বিয়া ম্যাচের গুরুত্ব স্কালোনির কাছে বেশি ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৮১তম জাম্বিয়া মৌরিতানিয়ার চেয়ে শক্তিশালী, বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে আবেগের বিষয়ও আছে। আর্জেন্টিন সংবাদমাধ্যম জানিয়েছে, জাম্বিয়া ম্যাচের আগে এএফএ একটু সাংস্কৃতিক আয়োজন করবে। বিশ্বকাপের আগে দলকে বিদায়ী শুভকামনা জানানোর মতো আর কী।
জাম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে স্কালোনি বললেন, “মেসি আগামীকাল (১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে) শুরু থেকে খেলবে। চেনাজানা বেশিরভাগ খেলোয়াড়ই খেলবে।”
মৌরিতানিয়ার বিপক্ষে নিয়মিত একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন স্কালোনি। আজ তিনি বললেন, সেটা “অন্যদেরও সুযোগ দিতে”। তবে তিনি জানালেন, “আমরা এরই মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে পাঠিয়ে দিয়েছি। তারা সেটি ফিফার কাছে জমা দেবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তালিকায় কাটছাঁট করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে।”
মৌরিতানিয়ার বিপক্ষে ভালো খেলতে না পারার অতৃপ্তি আছে খেলোয়াড়দের মধ্যে। স্কালোনি বলেছেন, “ইতিবাচক বিষয় হলো, খেলোয়াড়েরা নিজেরা বুঝতে পেরেছে যে আমরা ম্যাচটি ভালো খেলিনি। আশা করি সামনের ম্যাচে দল চিরচেনা রূপে ফিরবে।”
সংবাদ সম্মেলনের শেষে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড হোয়াকিন পানিচেলির সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হলে স্কালোনি দুঃখ প্রকাশ করে বললেন, “বিষয়টি মানা খুব কঠিন। সে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল, যা ছিল খুবই হৃদয়বিদারক। এটা তার প্রাপ্য ছিল না। আমরা তাকে বলেছি যে তার সামনে আরও সুযোগ আসবে...সত্যি বলতে, এটা আমাদের জন্য বড় একটি ধাক্কা।”
বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোর ৫টা ১৫ মিনিটে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনি জানান, বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি সার্বিয়ার বিপক্ষে, অন্য প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। এই দুই ম্যাচে চূড়ান্ত ২৬ জনের মূল দল নিয়ে খেলবেন। আর্জেন্টিন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘরের বাইরে এই দুটি ম্যাচ হবে।






