পাকিস্তানের পেসার নাসিম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তা ডিলিট করে দেন এবং নিঃশর্ত ক্ষমা চান। কিন্তু তবুও তিনি শাস্তি থেকে রেহাই পাননি।
পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে পোস্ট করায় তাঁকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জন্য পাকিস্তান জ্বালানিসংকটে পড়েছে। ফলে পিএসএল ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ছয়টি থেকে কমে টুর্নামেন্টের ভেন্যু এখন শুধু লাহোর ও করাচি। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকবিহীন মাঠেও বিশাল বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন মরিয়ম।
উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এমন একটি ভিডিও শেয়ার করে এক্সে নাসিম শাহ লিখেছিলেন, “তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?”
কিছুক্ষণ পরই সেই পোস্ট ডিলিট করেন নাসিম শাহ। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলেও দাবি করেন। পিসিবির নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু এসব সত্ত্বেও শাস্তি এড়াতে পারেননি।
আজ একটি বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের উপদেষ্টাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পিসিবির আওতায় থাকা কোনো খেলোয়াড়ের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না তিনি।”
পাকিস্তানে এ ধরনের ঘটনা নতুন নয়। গত বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পক্ষে স্লোগান দেওয়ায় অলরাউন্ডার আমির জামালকে ৪ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। এবার নাসিম শাহও শাস্তি পেয়েছেন।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তাঁর ১৫২ উইকেট রয়েছে।






