ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। রোববার গভীর রাতে উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিএনপির ওই কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। তারা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে চেয়ার-টেবিল, ব্যানার-পোস্টার ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






