নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে পুলিশ একটি শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অংকিত বর্মণ (৩) ওই গ্রামের সাগর বর্মণের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা সাগর বর্মণ পরিবারসহ ঢাকায় থাকেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করেন। অংকিতের দাদি বিশু রানি বর্মণও ছেলের সঙ্গে ঢাকায় বাস করেন। সম্প্রতি শিশুটি দাদির সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল অংকিত। দাদি তাকে রেখে কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে যান। ফিরে এসে শিশুটিকে না পেয়ে আশপাশ খুঁজতে থাকেন। একসময় প্রতিবেশী সুকুমার বর্মণের বাড়ির দরজা খোলা দেখে ভিতরে ঢোকেন। একটি ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তখন ওই বাড়ির লোকজন কেউ ছিল না, তারা পাশের বাড়িতে পূজার অনুষ্ঠানে গিয়েছিল। পরে শিশুটিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা সোহাগ বর্মণ বলেন, ‘অংকিত উঠানে যখন খেলা করছিল, তখন আমার বৃদ্ধা মা তার কাছে ছিল। এরপর কিছু সময়ের জন্য মা পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীর ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। আমরা এই ঘটনার বিচার চাই।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।