থাইল্যান্ডের ক্রাবিতে আন্দামান সাগরের নীল জল আর উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে ১০ কিলোমিটার ওপেন ওয়াটার সাঁতার সম্পন্ন করেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও হোমায়েদ ইশাক মুন।

২৯ মার্চ অনুষ্ঠিত ওশানম্যান ২০২৬ প্রতিযোগিতায় ওপেন ওয়াটার সাঁতারের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন তারা। সমুদ্রের ঢেউ, স্রোত এবং অনিশ্চিত আবহাওয়ায় পরিচিত এই প্রতিযোগিতায় প্রতি মুহূর্তই ছিল চ্যালেঞ্জের।

এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা প্রদর্শন করেছেন দুই বাংলাদেশি সাঁতারু। মোস্তাফিজুর রহমান সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ড। আর হোমায়েদ ইশাক মুনের সময় ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড। দুজনেই অংশ নিয়েছেন ২৯ থেকে ৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে।

দেশের পরিচিত অ্যাথলেট মোস্তাফিজুর রহমান এর আগে ‘বাংলা চ্যানেল’ জয় করেছেন এবং স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যান সফলভাবে শেষ করেছেন। দীর্ঘ দূরত্বের সাঁতার ও সহনশীলতার খেলায় তাঁর অভিজ্ঞতা এখানে স্পষ্ট হয়ে উঠেছে।

হোমায়েদ ইশাক মুনও ধৈর্য ও লড়াকু মনোভাব দেখিয়েছেন। তিনিও হাফ আয়রনম্যান ফিনিশার এবং বাংলা চ্যানেল জয়ী সাঁতারু।

বিশ্বজুড়ে ওপেন ওয়াটার সাঁতারের অন্যতম বড় আসর ওশানম্যান সিরিজে বাংলাদেশের এই দুই সাঁতারুর অংশগ্রহণ ও সফল সমাপ্তি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে।