জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় দায়ের মামলায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ জারি করেন।
মামলার তদন্তকারী ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আজ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানির পর আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৪০) জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। তখন এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসী আফজাল নাছেরের নির্দেশে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা খারাপ হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীতে সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার হোসেন মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলাটি করে।
আবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি মো. আফজাল নাছেরের মামলার ঘটনায় জড়িত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে নিবিড় পুলিশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।






