ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত নতুন ছয় শিশু ভর্তি হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের ভর্তি করা হয়। এ সময় পর্যন্ত হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের জানানো মতে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত সেখানে মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল।
চলতি মাসের মাঝামাঝি থেকে এই হাসপাতালে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ মার্চ হাম রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতাল প্রশাসন। শিশু ওয়ার্ডের তিনটি আলাদা কক্ষে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যার এই কক্ষগুলোতে একটি করে মেডিকেল টিম হামের চিকিৎসা পরিচালনা করছে।
তবে হাম কর্নারের কক্ষগুলোতে রোগী সংখ্যা কমছে না। পরিস্থিতি সামলাতে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের হাম মেডিকেল টিমের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা মুক্তকণ্ঠকে বলেন, “পরিস্থিতি সামলাতে হাসপাতালের ৮ তলার পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কাজ চলছে। সেখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন, চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে। যে শিশুদের অক্সিজেন লাগছে, তারা পর্যাপ্ত পাচ্ছে। তবে আইসিইউ লাগবে—এমন পরিস্থিতির কোনো রোগী এখন পর্যন্ত আমাদের এখানে ভর্তি হয়নি।”
এদিকে, হাম রোগী বাড়ায় জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহ্মেদ। তিনি বলেন, তাঁরা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে আজ সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।






