ব্রাজিলের বিপক্ষে তিন দিন আগে দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল ফ্রান্স। কিন্তু গতকাল রাতে কলম্বিয়ার সঙ্গে ম্যাচ দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। কারণ, মাত্র তিন দিনের ব্যবধানে ফরাসি কোচ দিদিয়ের দেশম একাদশের ১১ জনকেই বদলে দিয়েছেন।

পুরোপুরি নতুন দলে মাঠে নামলেও ফ্রান্সের খেলায় কোনো মন্দ প্রভাব পড়েনি। বরং কলম্বিয়ার বিপক্ষে তারা বেঞ্চের খেলোয়াড়দের শক্তিশালী দলের ছাপ ফেলেছে। এনএফএলের দল ওয়াশিংটন কমান্ডার্সের মাঠে ৪১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

এই ম্যাচে ফ্রান্সের হয়ে নিজের গোলের খাতা খুলেছেন পিএসজি উইংগার দেজিরে দুয়ে। ২০ বছর বয়সী এই তরুণ তারাতি জোড়া গোল করে দর্শকদের মুগ্ধ করেছেন। অন্য গোলটি এসেছে মার্কাস থুরামের কাছ থেকে। কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন জামিনটন ক্যাম্পাজ।

এদিন কিলিয়ান এমবাপ্পে-হুগো একিতিকেরা বদলি হিসেবে মাঠে নামলে ততক্ষণে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। এই জয়ে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরটা শতভাগ সাফল্য নিয়ে শেষ করেছে ফ্রান্স।

জাতীয় দলের হয়ে প্রথম গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুয়ে। ম্যাচের পর সংবাদমাধ্যম টিএফ১কে তিনি বলেন, “জয়টা মোটেই সহজ ছিল না। আমার জন্য এটা গর্বের মুহূর্ত, আমি খুবই খুশি।”

দলের খেলার ধরন নিয়ে দুয়ের ভাষ্য, “বিশ্বকাপের আগে আমরা দুটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। আজ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটাই করেছি। আমরা বেশ আগ্রাসী হয়ে খেলেছি, অনেক কিছুই ঠিকঠাকমতো হয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে।”

আগামী মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার আগে এটিই ছিল ফ্রান্সের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে পারফরম্যান্সের পর দল বাছাই করতে মধুর সমস্যায় পড়তে পারেন দেশম। কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবেন, তা নিয়ে দ্বিধায় পড়তে হতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।