আইপিএলের ডাক উপেক্ষা করে ইংল্যান্ডের দুই ক্রিকেটার এবার বদলি হিসেবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর আগেও বেন ডাকেট নিলামে কেনা সত্ত্বেও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ ও পেসার জশ টাং ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে দুজনেই আগামী দুই মাস ইংল্যান্ডে কাটাতে চান বলে প্রস্তাব মানা করে দিয়েছেন। এ সময়ে তারা কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে বেন ডাকেটও আইপিএল থেকে সরে দাঁড়ান। গত ডিসেম্বরে নিলাম থেকে ডাকেটকে দুই কোটি রুপিতে কেনে দিল্লি ক্যাপিটালস। এবারই প্রথম আইপিএলে খেলার কথা ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। তবে ইংল্যান্ড জাতীয় দলের আসন্ন মৌসুম নিয়ে প্রস্তুতি নিতে তিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন।

এক বিবৃতিতে ডাকেট ক্যাপিটালস ভক্তদের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি জাতীয় দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত এবং নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য ও টেস্ট ক্রিকেট নিয়ে কাজ করতে চান। পাশাপাশি পরিবারকেও বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে স্মিথ ও টাংকে কার পরিবর্তে ডাকা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। তবে ডাকেট চলে যাওয়ায় দিল্লির একটি ব্যাটিং পজিশন খালি ছিল। আর কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এবার চোটের কারণে তাদের একাধিক পেসারকে খেলাতে পারছে না। তারা বদলি খুঁজছে।