ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত লাগিয়েছে। শনিবার হামলার পর ওই এলাকার সাম্প্রতিক ছবিগুলো প্রকাশিত হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে এলাকার বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমানবাহিনী।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে বিভিন্নভাবে আহত ১৪২ জনকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ব্যক্তিদের মধ্যে ১৩২ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।