ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রধান সড়কগুলোতে যানজট দূর করতে ফুটপাতগুলো দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এ কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘অন্ততপক্ষে মূল সড়কগুলোয় যাতে যানজট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি।’

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট থেকে মিরপুর ১ নম্বর কাঁচাবাজার পর্যন্ত ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাই ও উচ্ছেদযোগ্য স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মিরপুর ১ ও ১০ নম্বর, উত্তরা, বাড্ডা, ভাটারাসহ ডিএনসিসির বিভিন্ন এলাকার ফুটপাতে নিম্ন আয়ের মানুষেরা ব্যবসা করে বলে উল্লেখ করে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতে পথচারীদের চলাচল সহজ করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করতে হবে।

আজকের পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, জনগণের চলাচলের সুবিধা এবং মানবিক কারণে গরিব ব্যবসায়ীদের অন্য জায়গায় ব্যবসার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই পরিদর্শন করা হয়েছে।

ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেসব ব্যবসায়ী ভাই আছেন, আজ মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও বার্তা আমি তাঁদের কাছে পৌঁছে দিতে এসেছি।’

ডিএনসিসির পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ফুটপাতের ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, তবে জনগণকে সুবিধা থেকে বঞ্চিত করে নয়। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং তাদের পরামর্শ নিয়ে নির্দিষ্ট বা অন্য কোনো জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করবে ডিএনসিসি।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত জানতে চান।