‎ফুটবলে গতকাল ভিয়েতনামের কাছে তিন গোলে হেরেছে বাংলাদেশ। আজ এশিয়া কাপ আর্চারিতে সেই ভিয়েতনামকে হারিয়েই সোনা জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড দল।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছে। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে। আজ ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় বাংলাদেশ কম্পাউন্ড দল। তাতে এ প্রতিযোগিতায় সোনা জিতল বাংলাদেশ। ‎‎বাংলাদেশের কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। ভালো করেছেন হিমু বাছাড়। তাঁর গড় স্কোর ৯.৭৫।

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দশ আর্চার। দক্ষ আর্চার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা যায়নি। অন্য তিন বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি।

কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের সঙ্গে থাই মেয়েদের স্কোরের তফাত মাত্র ১ পয়েন্টের। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে।

‎গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। এবার শেষ ষোলো থেকেই বিদায় নেন আলিফ।