নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। উৎসব ঘিরে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা। আজ বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানোৎসব শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাপমুক্তির বাসনায় নারী-শিশুসহ লাখো পুণ্যার্থী স্নানোৎসবে মেতে ওঠেন। ব্রহ্মপুত্র নদের ২৪টি ঘাটে স্নান শুরু হয়। এবারের স্নানে দেশের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীর পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এসেছে। নদীতে নিরাপত্তায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টহল দিতে দেখা গেছে।

উৎসবকে কেন্দ্র করে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের মধ্যে খাবার বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। পুণ্যার্থীদের জরুরি চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক দল সার্বক্ষণিক নিয়োজিত আছে।

লক্ষ্মীপুর থেকে স্নান করতে এসেছেন চন্দ্র কর ও তাঁর স্ত্রী কণিকা কর। চন্দ্র কর বলেন, ‘পুণ্যস্নানে নিজের পরিবারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এ ছাড়া দেশের মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি।’ কুমিল্লার বাঞ্ছারামপুর থেকে স্নান করতে আসা রতন আচার্য বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করছি মঙ্গলের জন্য।’

পুরোহিত হরি সাধন চক্রবর্তী মুক্তকণ্ঠকে বলেন, ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ করো’—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী ও ডাব দিয়ে পুণ্য লাভ ও ভগবানের কৃপা লাভের আশায় পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর মুক্তকণ্ঠকে বলেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ, শৌচাগার, জনস্বাস্থ্য, পার্কিংসহ চিকিৎসক দল, হাসপাতাল সুবিধা ও ছয়টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।

স্নানোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি মুক্তকণ্ঠকে বলেন, স্নানের নিরাপত্তায় ১ হাজার ১০০ পুলিশ, ৬০০ আনসার ও ২৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। পুরো এলাকা আলোকিত করা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।