ম্যানচেস্টার সিটি ২-০ আর্সেনাল
গোলকিপার ম্যাচের ভাগ্য গড়ে দেন।
ম্যাচের ৮ মিনিটে গোলকিপার জেমস ট্রাফোর্ডের ‘ট্রিপল সেভ’-এ নিশ্চিত গোল হজম থেকে বেঁচে যায় ম্যানচেস্টার সিটি। ৬০ মিনিটে সিটির অপরপ্রান্তে দেখা গেল উল্টো দৃশ্য। সিটি মিডফিল্ডার রায়ান চেরকি ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলে শট নেন। আর্সেনাল গোলকিপার কেপা আরিজাবালাগার জন্য সেটা হওয়ার কথা ছিল সহজ সেভ। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা কেপার হাত ফসকে পেছনে চলে যায়। প্রায় ফাঁকা পোস্টে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন নিকো ও’রাইলি।
কেপার ওই একটি ভুলে সিটির দ্বিতীয় গোলের দরজাও খুলে যায় চার মিনিট পরই। এবারও সেই ডান প্রান্ত, তবে কেপার মাথার ওপর দিয়ে ক্রস দেন ম্যাথিয়াস নুনেস। কিন্তু গোলদাতা একই; আর্সেনালের ডিফেন্ডারদের মধ্যে বক্সে প্রায় ফাঁকায় দাঁড়ানো নিকো ও’রাইলির হেড জাল খুঁজে নেয়। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে কারাবাও কাপের ফাইনাল জিতেছে সিটি।
নিকোর দ্বিতীয় গোলের পর আনন্দে সাইডলাইন দিয়ে অন্তত ২০ গজ দৌড়ান সিটি কোচ পেপ গার্দিওলা। ২০২১ সালের পর লিগ কাপের শিরোপাটা পুনরুদ্ধার হচ্ছে, সম্ভবত তখনই টের পেয়েছিলেন। পাশাপাশি মৌসুমের প্রথম শিরোপা জয়ের শিহরণও হয় একটু অন্যরকম। লিগ কাপে সিটির এটি নবম শিরোপা।
বিস্তারিত আসছে...।






