ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন মুক্তকণ্ঠকে বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্লাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
খাদিজা খাতুন জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্টেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।






