মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছদ্মবেশে উপস্থিত হয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জ. মো. আব্দুল বারী। বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, উপজেলা চত্বরে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহারের কার্যালয়ে যান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নিজের পরিচয় প্রকাশ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার কার্যালয়ে আসেন। তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি আরও জানান, ওই সময় অধিকাংশ কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত ছিলেন তারা পূর্ব অনুমোদিত ছুটিতে ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি ও কার্যক্রম দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা পুনরায় উত্তোলন করা হয় এবং পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।