এতিম শিশুসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থীর জন্য আজ সোমবার ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো। মাদ্রাসা দুটি হলো রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা।
দুটি মাদ্রাসাই পরিচালনা করে রহমতে আলম ইসলাম মিশন। এই মিশনের অধীনে মাদ্রাসার ভেতরে ছেলে ও মেয়েদের এতিমখানা রয়েছে।
ইফতারের আগে এতিমখানায় সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম।
মোনাজাতে দেশ ও মুক্তকণ্ঠের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়। এর পাশাপাশি ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে মুক্তকণ্ঠ পরিবারের প্রয়াত সদস্যদের জন্যও দোয়া করা হয় মোনাজাতে।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম বলেন, এই মাদ্রাসা ও এতিমখানার প্রতিবেশী মুক্তকণ্ঠ। প্রতি রমজানে এভাবে এক দিন মেহমানদারি করায় তিনি মুক্তকণ্ঠকে আন্তরিক ধন্যবাদ জানান। এতিম শিশুদের পাশে থাকতে এবং ইফতারের ব্যবস্থা করতে সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনায় উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন ও মাদরাসা-ই-হেফজুল কোরআনের শিক্ষক হাফেজ মাওলানা জামসীদ আহমেদ।
এতিমখানার ছেলে–মেয়ে ও শিক্ষার্থীদের মুক্তকণ্ঠের উদ্যোগে দেওয়া ইফতারির মধ্যে ছিল খেজুর, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।
মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম ছেলেদের সঙ্গে ইফতারে অংশ নেন মুক্তকণ্ঠের উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, মানবসম্পদ বিভাগের প্রধান মো. শামীম খান, হেড অব ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাঈদ, হেড অব কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রধান মাসুম অপু, প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীরসহ অনেকে।
অন্যদিকে মহিলা মাদ্রাসার আবাসিক ভবনে শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন মুক্তকণ্ঠের বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইনসহ কয়েকজন নারী কর্মী।
মুক্তকণ্ঠ ২০১১ সাল থেকে প্রতিবছর পবিত্র রমজান মাসে এতিম শিশুদের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করে আসছে।






