দাসুন শানাকার শর্ট ডেলিভারি, আলতো করে পুল করলেন সাহিবজাদা ফারহান। বল ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। এই চারে শুধু পাকিস্তানের ইনিংসের রানই বাড়ল না, টি-টুয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইতেও ওলটপালট হয়ে গেল। এই চারেই বিরাট কোহলিকে সরিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের সিংহাসনে বসলেন সাহিবজাদা ফারহান।
.আজ সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে ফারহানের নামের পাশে ছিল ২৮৩ রান। কোহলিকে টপকাতে দরকার ছিল ৩৭। ইনিংসের ষষ্ঠ ওভারেই সেই রেকর্ডটা নিজের করে নেন পাকিস্তানের এই ওপেনার।
.টি–টুয়েন্টি বিশ্বকাপে ব্যাটে–বলে দাপট দেখাচ্ছেন কারা.২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে ৬ ইনিংসে ৩১৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি কোহলি। পাকিস্তানের হয়ে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল বাবর আজমের। ২০২১ আসরে বাবর করেছিলেন ৩০৩ রান।
.এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩১ বলে ৪৭ রানের ইনিংস দিয়ে বিশ্বকাপ শুরু করা ফারহান পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন ৪১ বলে ৭৩ রান। ভারতের বিপক্ষে রান না পেলেও নামিবিয়ার বিপক্ষে করেন ৫৮ বলে অপরাজিত ১০০, এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৬৩।
.আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ৫০ রানে পৌঁছান ৩২ বলে, এরপর ১০০–তে ৫৯ বলে; ৯ চার ও ৫ ছক্কায়। এরপরে অবশ্য আর এগোতে পারেননি, পরের বলেই আউট হয়ে গেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটসম্যানের দুই সেঞ্চুরি এই প্রথম। সব মিলিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি আছে ফারহান ছাড়া আর একজনের—ক্রিস গেইল।
.সব মিলিয়ে এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৬ ইনিংসে ফারহানের রান ৩৮৩, স্ট্রাইক রেট ১৬০.২৫। মোট চার মেরেছেন ৩৭টি, সঙ্গে ১৮টি ছক্কা।
ফারহানের দুর্দান্ত ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২১২ রান তুলেছে পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হবে সালমান আগার দলকে।
.পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচে ফারহানের রেকর্ড সেঞ্চুরি





