জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ ঘটনায় মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত মতিয়ার রহমান মিন্টু পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলকালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তার বাইসাইকেলের সিটের নিচে কসটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।