জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কোথাও উল্লেখযোগ্য অবনতি নেই বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার সকালে কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন তা যথাযথভাবে অনুসরণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, সকল মানুষের সমঅধিকার ও সাম্য প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বণ্টনের লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ করে নিম্নআয়ের ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের সচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন ইব্রাহীম হোসেন ফকির, মৌদুদ আলম, খালেদুল মাসুদ আঞ্জুমান এবং ওবায়দুর রহমান সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।






