পুলিশের তল্লাশিতে পলাতক থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান নিজেই চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করেছেন। প্রায় ১০ মিনিট স্থায়ী এই কথোপকথনে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানান এবং নিরাপত্তার নিশ্চয়তা দেন। তবে পুলিশের এই প্রস্তাবে রাজি হননি রায়হান। উল্টো তিনি দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে পালিয়ে গেছেন তিনি। পুলিশ তাঁকে কোনোভাবেই খুঁজে পাবে না বলে রীতিমতো ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন তিনি।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন রায়হান। এই কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ রায়হান নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ মুক্তকণ্ঠকে এই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা রায়হানকে বারবার আত্মসমর্পণের অনুরোধ জানাচ্ছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।”
তারেক আজিজ আরও জানান, রায়হান আত্মসমর্পণ করলে তাঁর নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করা হবে। তিনি দায়িত্বে থাকাকালীন রায়হানের কোনো সমস্যা হবে না এবং তাঁর বিরুদ্ধে বর্তমান মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন। একপর্যায়ে তারেক আজিজ বলেন, “আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।”
জবাবে রায়হান জানান, তাঁর আত্মসমর্পণের ইচ্ছা থাকলেও অতীতে একবার এই উদ্যোগ নিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন। তাঁর দাবি অনুযায়ী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যাওয়ায় ঝামেলা তৈরি হয় এবং তাঁর ভাই সব অস্ত্র নিয়ে নেন।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে রায়হান বলেন, “এখন ঢুকলে ভাই, বাইরেতে পারব না। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?”
এর জবাবে তারেক আজিজ বলেন, রায়হান যতটুকু অপরাধের সঙ্গে জড়িত, কেবল ততটুকুর জন্যই ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন কোনো মামলা দেওয়া হবে না।
কথোপকথনে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে চরম আত্মবিশ্বাস দেখান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের অনেক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখলেও পুলিশ তাঁকে খুঁজে পাবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার কথা বলে তিনি পুলিশ কর্মকর্তাকে খোঁচান।
রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তিনি তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘হাওয়া হয়ে গেছেন’। ফোনালাপে তাঁকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায় এবং তিনি পুলিশ কর্মকর্তার পরিবারের খোঁজখবরও নেন।
ফটিকছড়ির সাম্প্রতিক গুলির ঘটনা প্রসঙ্গে রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন এবং পথে কিছু লোক তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে। কেন লোকজন তাঁর গাড়ির সামনে-পেছনে অবস্থান নিয়েছিল, তা তিনি জানেন না বলে দাবি করেন। গুলিতে আহতদের বিষয়ে জানতে চাইলে রায়হান বলেন, তাঁদের ক্ষতি হয়েছে। এই সময় তিনি বলেন, “আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো জানেন। তাহলে আমায় কেন নিয়ে লাগছে সবাই?”
কথোপকথনের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা কাদের নামের এক ব্যক্তির প্রসঙ্গ তুললে রায়হান তাঁকে শনাক্ত করতে সহযোগিতা করতে অস্বীকার করেন। তিনি বলেন, “ভাই, আমি তো বেইমানি করতে পারব না।”
কথোপকথনের শেষ দিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসে নাশতা করার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত আত্মসমর্পণের বিষয়ে কোনো সম্মতি দেননি তিনি।
রায়হানের সঙ্গে এই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ মুক্তকণ্ঠকে জানান, পুলিশের সামনে সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ ভুয়া। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং তিনি তা না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে উপস্থিত লোকজনের উদ্দেশে মাইক হাতে ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ তাঁর বিরুদ্ধে। চাঁদা না দিলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে, যার ফলে তিনি অবস্থান গোপন করে বারবার পুলিশের অভিযান এড়াতে সক্ষম হচ্ছেন।
এর আগে গত ২৯ জুলাই নোয়াখালী এলাকায় রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। এরপর থেকে পলাতক অবস্থায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন রায়হান। প্রতিপক্ষকে কেটে টুকরা টুকরা করার কিংবা চাঁদা না দিলে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।