উচ্চশিক্ষার প্রত্যাশায় বিদেশের মাটিতে পা রাখেন বহু শিক্ষার্থী। তবে স্বপ্নের সেই রঙিন পৃথিবীর বিপরীতে বাস্তব জীবন অনেক সময় হয়ে দাঁড়ায় অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। প্রত্যাশা আর প্রাপ্তির এই ব্যবধান শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক লড়াইয়ের এক নতুন গল্প তৈরি করে।

মোহাম্মাদ উল্লাহ জাফরী
সাউথ ওয়েস্টফেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, জার্মানি

জার্মানিতে আসার মাত্র এক মাস পূর্ণ হয়েছে আমার। ঠিক সেই সময়েই শুনতে পাই আমার বাল্যবন্ধু রোহানের মৃত্যুর খবর। বন্ধুর এই আকস্মিক প্রস্থান মনে গভীর প্রশ্ন জাগিয়েছিল—এই ক্ষণস্থায়ী জীবনে এত লড়াই আর সংগ্রামের প্রকৃত অর্থ কী? নিজের জন্মভূমি থেকে হাজার মাইল দূরে এসে প্রতিদিন যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, তা কি সত্যিই খুব জরুরি?

এমন এক বিভ্রান্তিকর সময়ে পরিবারের কথা এবং বন্ধুদের স্মৃতি ভীষণভাবে মনে পড়ে, যা বিষণ্ণতাকে আরও বাড়িয়ে দেয়। দেশে থাকাকালীন যেসব সাধারণ দিনগুলোকে খুব মামুলি মনে হতো, এখন সেই দিনগুলোকেই ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে। যদিও এখানে আমার মামা ও মামি আছেন, কিন্তু তাঁদের সঙ্গে দেখা করতে হলে ট্রেনে ১০ থেকে ১২ ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

রান্না করা, বাজার করা, ঘরের কাজ সামলানো এবং তার সাথে পড়াশোনা ও পার্টটাইম চাকরি—সব মিলিয়ে জীবন যেন ক্লান্তির এক মহোৎসবে পরিণত হয়েছে। অসুস্থ হয়ে পড়লে এই ক্লান্তি আরও প্রকট হয়। নিজের যত্ন নিজেই নিতে হয়, কিন্তু অসুস্থতার কথা মাতৃভাষার বদলে অন্য ভাষায় ডাক্তারকে বুঝিয়ে বলাটা রীতিমতো যুদ্ধের মতো মনে হয়।

দেশে থাকাকালীন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার খবর শুনেই শরীর হিম হয়ে যেত। কিন্তু জার্মানিতে শীত আসার আগেই তেঁতুলিয়া ‘ফেল’। ডিসেম্বর মাস থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আগে ছবিতে তুষারপাত দেখলে যে মুগ্ধতা কাজ করত, এখন আর তা করে না। এখন মনে হয়, দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা বোধ হয় উচিত হয়নি।

ফাইরোজ তানজিম
ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

দেশে থাকাকালীন আমার পুরো পৃথিবী ছিল আমার পরিবার। তাঁদের ছাড়া মানিয়ে নেওয়া আমার জন্য ছিল অত্যন্ত কঠিন। ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার তীব্র ইচ্ছা থাকলেও বিমানভাড়ার অংক দেখে অনেক সময় সাহস হারিয়ে ফেলতাম। যুক্তরাজ্যে আসার পর সবচেয়ে বড় সুবিধা মনে হয়েছে সব ধরনের খাবারের সহজলভ্যতা। তবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তেমন খাবারের দোকান থাকে না, যার ফলে অনেক দূর যেতে হয়।

ইংল্যান্ডে আসার আগে অনেকেই মনে করেন ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ ইংরেজি আমরা বুঝি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। এখানে অনেকে অর্ধেক কথা মুখের ভেতরেই রেখে দেন। এছাড়া বিভিন্ন দেশের মানুষের ভিন্ন ভিন্ন উচ্চারণের ইংরেজি বুঝতে বেশ বেগ পেতে হয়।

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পায়, ফলে পড়াশোনায় তেমন কোনো ব্যাঘাত ঘটে না। সেই উপার্জিত অর্থ দিয়ে নিজের দৈনন্দিন খরচ এবং টিউশন ফি-র কিছু অংশ মেটানো সম্ভব হয়। তবে এখানকার পড়াশোনা ও কাজের ধরন সম্পূর্ণ আলাদা। টানা দুই দিন কাজ করলে শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। মাঝেমধ্যে মনে হয়, আমি কেবল টাকার জন্যই কাজ করছি।

তবে এখানকার মানুষগুলো অনেক বেশি বন্ধুসুলভ। সবার সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পেরেছি। ব্রিটিশদের মধ্যে অহেতুক জাহির করার প্রবণতা নেই, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে।