ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা চিরন্তন, তবে মাঠের ভেতরে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের একটি ম্যাচেও দেখা গেছে তেমন উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুলেছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।
দুই দেশের ক্রিকেটারদের এমন আচরণ তরুণ প্রজন্মের সামনে এক নেতিবাচক উদাহরণ তৈরি করছে বলে মনে করেন তিনি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট দুই দেশের ক্রিকেট বোর্ডকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। দোহায় গত রোববার অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠের ভেতরে খেলোয়াড়দের তীব্র বাক্যবিনিময়, আক্রমণাত্মক উদ্যাপন এবং ম্যাচ শেষ হওয়ার পরেও উত্তেজনা বজায় থাকার বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।
এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা জয়ের পর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মাঠে যা ঘটেছে, তা ঠিক নয়। এটা লজ্জাজনক এবং পরবর্তী প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে।’
উল্লেখ্য যে, রোববারের এই ম্যাচে উত্তেজনার সূত্রপাত ঘটে খেলা শুরুর আগেই। টসের সময় ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা এবং পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ একে অপরের সঙ্গে হাত মেলাননি। এই ধরণের শীতল সম্পর্কের চিত্র গত বছরের এশিয়া কাপ থেকেই পরিলক্ষিত হয়ে আসছে। ম্যাচের দুই ইনিংস জুড়েই দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলে।
পাকিস্তানের ব্যাটিং চলাকালীন ভারতের পেসার হর্ষিত রানার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান শামিল হুসাইন ও মাজ সাদাকাত। শামিল আউট হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বিদায় জানান রানা। পরবর্তীতে রোহাইল নাজিরকে আউট করার পর একইভাবে উদ্যাপন করতে দেখা যায় তাঁকে।
রান তাড়ায় নেমে ভারতের ইনিংসেও উত্তেজনা থামেনি। বৈভব সূর্যবংশী আউট হওয়ার পর দুই দলের মধ্যে এক দফা কথা-কাটাকাটি হয়। ম্যাচের শেষ দিকে রানা আউট হওয়ার পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম তাঁর দিকে তেড়ে যান, যা দেখে পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়।
এছাড়া ম্যাচের পুরোটা সময় দুই দলের ফিল্ডাররাই ব্যাটসম্যানদের নিয়মিতভাবে উত্ত্যক্ত করতে থাকেন। ক্রিকেট খেলায় প্রচলিত ‘স্লেজিং’য়ের মাত্রা অনেকবারই ছাড়িয়ে গিয়েছিল এই আচরণগুলো।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবারও মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।