কোনো প্রতিদ্বন্দ্বিতার অবকাশ ছিল না, আর প্রতিদ্বন্দ্বিতাও হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের দেওয়া প্রস্তাবের পর দ্বিতীয় মেয়াদে তাঁর পুনর্নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই মেয়াদে তিনি ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ এবং একই বছরের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আইসিসি চেয়ারম্যানের শীর্ষ পদে আসার আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।

দ্বিতীয় মেয়াদে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের ভবিষ্যৎ যাত্রায় সামনের সময়টুকুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জয় শাহ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক এবং নতুন প্রজন্মের কাছে এই খেলাটিকে পরিচিত করার এক বিশাল সুযোগ হিসেবে দেখছেন তিনি। এই বিষয়ে তাঁর ভাষায়, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’