রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়, যা পরবর্তীতে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক পক্ষের বিরুদ্ধে গুলিবর্ষণের গুরুতর অভিযোগও উঠেছে। এই সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের রাজপাড়া থানা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে ধরে পুলিশে হস্তান্তর করা নিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক এবং যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে বলে জানা গেছে।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার পর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। ইমদাদুল হকের দাবি, পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও এই সংঘর্ষে যোগ দেন। তাঁরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এই ঘটনার প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’ তিনি আরও দাবি করেন, ৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’

সাফায়েত হোসেন আরও দাবি করেন যে, ইমদাদুল হকের চাচা রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকেরা খোঁজ নিলে জানতে পারবেন, তিনি (ইমদাদুলের চাচা) কত বড় আওয়ামী লীগার ছিলেন। ইমদাদুল যে গাড়ি ব্যবহার করেন, সেটাও তাঁর চাচার। ৫ আগস্টের পর ছাত্রদলের একজন নেতাই চাঁদাবাজির মামলা খেয়েছেন, সেটা ইমদাদুল হক।

এই ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মুক্তকণ্ঠকে জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আহত ছাত্রলীগ নেতা শাহিনুর বর্তমানে থানা হেফাজতে আছেন। তাঁর নামে থানায় মামলা রয়েছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।