বাংলাদেশে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে স্যাটেলাইটের তথ্য, মেশিন লার্নিং ও বায়ুমানের মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘ব্রিক কিলন ট্র্যাকার’। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে কোন ইটভাটা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি পার্থ শঙ্কর সাহার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি গবেষণার বিস্তারিত তুলে ধরেন।

গবেষণাটি পরিচালনা এবং বাংলাদেশের জন্য ‘ব্রিক কিলন ট্র্যাকার’ তৈরির পেছনে মূল প্রেরণা সম্পর্কে মার্টিন ম্যাটসন বলেন, “বায়ুদূষণের কারণে গড় আয়ু কমার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। দেশের একজন মানুষের গড় আয়ু ৫ দশমিক ৫ বছর কমে যাচ্ছে (এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স, ২০২৫)। বায়ুদূষণের অন্যতম বড় উৎস ইটভাটা। বিশেষ করে শীতকালে ইটভাটাগুলো চালু থাকে এবং আবহাওয়ার কারণে দূষিত বাতাস শহরগুলোর ওপর আটকে যায়।”

ঢাকার সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫ দূষণে ইটভাটার অবদানের বিষয়ে তিনি জানান, বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া গেছে। তার দলের হিসাবে শীত মৌসুমে ঢাকার পিএম২.৫ দূষণের প্রায় ১০ শতাংশের জন্য ইটভাটা দায়ী, তবে অন্য কিছু হিসাব অনুযায়ী এই অবদান অর্ধেকেরও বেশি হতে পারে। তিনি মনে করেন, ইটভাটার দূষণ বিশেষ গুরুত্ব পাওয়ার কারণ হলো এটি এড়ানো সম্ভব। বর্তমানে বাংলাদেশে যত পোড়া ইট ব্যবহৃত হয়, তার সবটুকুর প্রয়োজন নেই। সিমেন্ট, বালু ও পাথরের কুচি দিয়ে তৈরি ফাঁপা কংক্রিটের ব্লক পোড়ানোর প্রয়োজন হয় না এবং এগুলো স্বাভাবিকভাবেই শক্ত হয়ে যায়, ফলে ধোঁয়া তৈরি হয় না। তার মতে, এখনই উদ্যোগ নিলে মাত্র কয়েক বছরের মধ্যে অধিকাংশ নির্মাণকাজে পোড়া ইটের পরিবর্তে কংক্রিটের ব্লক ব্যবহার শুরু করা সম্ভব।

এই ট্র্যাকার তৈরির কারিগরি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, কাজটি তিনটি ধাপে সম্পন্ন করা হয়েছে। প্রথম ধাপে উচ্চ রেজোল্যুশনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে একটি নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ইটভাটা শনাক্ত করা হয় এবং তা পূর্বের মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর গবেষকরা যাচাই করেন ভাটাটি জিগজ্যাগ নাকি স্থায়ী চিমনির প্রযুক্তিতে চলছে এবং ওই মৌসুমে চালু ছিল কি না। এরপর কম রেজোল্যুশনের ঘন ঘন হালনাগাদ হওয়া ছবির মাধ্যমে একটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে কোন ভাটা চালু বা বন্ধ তা শনাক্ত করা হয়। ফলে ২০২৫–২৬ মৌসুমে চালু থাকা ভাটাগুলোর তথ্য এখন ট্র্যাকারে রয়েছে।

দ্বিতীয় ধাপে প্রতিটি ইটভাটার নির্গত দূষণের পরিমাণ হিসাব করা হয়। এজন্য ইটভাটা ব্যবস্থাপকদের ওপর জরিপ করে কয়লা পোড়ানোর পরিমাণ জানা হয় এবং দক্ষিণ এশিয়ার মাঠপর্যায়ের গবেষণার তথ্য যুক্ত করা হয়। এরপর বায়ুমানের মডেলের সাহায্যে দূষিত পদার্থ কোন দিকে এবং কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তা নির্ণয় করা হয়। তৃতীয় ধাপে এই তথ্যের সঙ্গে জনসংখ্যার মানচিত্র এবং সূক্ষ্ম বস্তুকণার সংস্পর্শে মৃত্যুঝুঁকির বৈজ্ঞানিক হিসাব যুক্ত করে প্রতিটি ইটভাটার জন্য আলাদা স্বাস্থ্যক্ষতির স্কোর তৈরি করা হয়।

তবে তিনি সতর্ক করে বলেন, স্বাস্থ্যগত ক্ষতির হিসাবগুলো মডেলনির্ভর, সরাসরি পরিমাপ করা নয়। এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো একটি ইটভাটা আসলে কতটা দূষণ ছড়ায়, কারণ খুব কম গবেষণায় এটি সরাসরি পরিমাপ করা হয়েছে। তাই মোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত না হলেও, কোন ইটভাটা তুলনামূলক বেশি ক্ষতিকর সেই ক্রমতালিকাটি অত্যন্ত নির্ভরযোগ্য। একটি সীমাবদ্ধতা হিসেবে তিনি উল্লেখ করেন, ধরে নেওয়া হয়েছে একই প্রযুক্তির সব ইটভাটা সমান দূষণ ছড়ায়, কিন্তু কোনো ভাটা যদি ত্রুটিপূর্ণভাবে পরিচালিত হয় বা বেশি দূষণকারী জ্বালানি পোড়ায়, তবে তার ক্ষতি আরও বেশি হতে পারে।

গবেষণার ফলাফল সম্পর্কে মার্টিন ম্যাটসন জানান, ২০১০ সাল থেকে চালু থাকা ৯ হাজারের বেশি ইটভাটার মানচিত্র তৈরি করা হয়েছে, যার মধ্যে ২০২৫–২৬ মৌসুমে প্রায় ৬ হাজারটি চালু ছিল। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ছিল জিগজ্যাগ প্রযুক্তির। ২০১৯ সালে চালু ইটভাটার সংখ্যা সর্বোচ্চ ছিল, এরপর থেকে তা এক-পঞ্চমাংশের বেশি কমেছে এবং স্থায়ী চিমনির ভাটা সবচেয়ে দ্রুত হ্রাস পেয়েছে।

তিনি জানান, “ইটভাটার কারণে স্বাস্থ্যক্ষতি সমানভাবে হয় না; বরং অল্পসংখ্যক ইটভাটা থেকেই বড় অংশের ক্ষতি হচ্ছে। দেশের মোট ইটভাটার ১৪ শতাংশের কারণে সব ইটভাটার সম্মিলিত স্বাস্থ্যক্ষতির এক-চতুর্থাংশ হয়। আর এক-তৃতীয়াংশ ইটভাটা মোট স্বাস্থ্যক্ষতির অর্ধেকের জন্য দায়ী।” বিশেষ করে বড় শহরের কাছাকাছি এবং বাতাসের প্রবাহের দিকে অবস্থিত ভাটাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে। বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত ট্র্যাকার iterbhata.com-এর পরীক্ষামূলক কার্যক্রম কিছু এলাকায় চালু হয়েছে, যেখানে মানুষ তাদের এলাকার ভাটার ক্ষতির মাত্রা দেখতে পারবেন। তিনি আরও বলেন, “বর্তমানে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে যেসব নিয়ম রয়েছে, সেগুলো দিয়ে স্বাস্থ্যক্ষতির প্রকৃত মাত্রা বোঝা যায় না। স্কুল, হাসপাতাল, জলাভূমি বা বনের কাছাকাছি অবস্থিত ইটভাটাগুলো গড়ে অন্য ইটভাটার তুলনায় প্রায় একই মাত্রার ক্ষতি করে।”

স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, ইটভাটার ধোঁয়ায় সূক্ষ্ম বস্তুকণা (পিএম২.৫) এবং সালফার ডাই-অক্সাইডের মতো গ্যাস থাকে, যা হৃদ্‌রোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। অকালমৃত্যুর হিসাব মডেলে থাকলেও অসুস্থ হয়ে পড়া মানুষের সংখ্যা এতে অন্তর্ভুক্ত নেই। তিনি নির্দিষ্ট মৃত্যুর সংখ্যা বলতে আগ্রহী নন কারণ এটি অনুমানের ওপর নির্ভরশীল, তবে জানান যে ২০১৯ সাল থেকে ইটভাটার কারণে স্বাস্থ্যক্ষতি প্রায় ৩০ শতাংশ কমেছে।

প্রযুক্তির তুলনা করে তিনি বলেন, স্থায়ী চিমনির ইটভাটা জিগজ্যাগ ইটভাটার তুলনায় প্রায় দ্বিগুণ সূক্ষ্ম বস্তুকণা এবং চার গুণের বেশি সালফার ডাই-অক্সাইড নির্গত করে। ২০১৩ সাল থেকে স্থায়ী চিমনির ভাটা নিষিদ্ধ হলেও এখনো প্রায় ছয় ভাগের এক ভাগ ভাটা এই প্রযুক্তি ব্যবহার করছে। তবে জিগজ্যাগ প্রযুক্তির ভাটাও নিরাপদ নয়; বড় শহরের বাতাসের দিকে অবস্থিত জিগজ্যাগ ভাটা অনেক বেশি মানুষের ক্ষতি করতে পারে। তিনি উল্লেখ করেন, সব স্থায়ী চিমনির ভাটাকে জিগজ্যাগ প্রযুক্তিতে রূপান্তর করলে স্বাস্থ্যক্ষতি ১০ শতাংশের কম কমবে, আর দক্ষ পরিচালনার প্রশিক্ষণে আরও ২০ শতাংশ কমানো সম্ভব। তবে তার মতে, “সবচেয়ে বেশি ক্ষতি করে এমন এক-পঞ্চমাংশ ইটভাটা বন্ধ করা গেলে ইটভাটার কারণে মোট স্বাস্থ্যক্ষতি প্রায় এক-তৃতীয়াংশ কমে আসবে।”

আইন প্রয়োগ ও ট্র্যাকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ট্র্যাকারের দুটি সংস্করণ রয়েছে—একটি পরিবেশ অধিদপ্তরের জন্য এবং অন্যটি সবার জন্য উন্মুক্ত (iterbhata.com)। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা ক্ষতিকর ভাটা শনাক্ত করে কর্তৃপক্ষকে চাপ দিতে পারবেন।

দূষণ কমাতে তিনি তিনটি সমন্বিত পদক্ষেপের কথা বলেন। প্রথমত, সবচেয়ে ক্ষতিকর ইটভাটাগুলোর বিরুদ্ধে সরাসরি আইন প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, বন্ধের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী করতে হবে এবং স্যাটেলাইট তথ্যের মাধ্যমে পুনরায় চালু হওয়া শনাক্ত করতে হবে। তৃতীয়ত, পোড়া ইটের বিকল্প হিসেবে ফাঁপা কংক্রিটের ব্লক ব্যবহারে উৎসাহিত করতে হবে। এছাড়া নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।