রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিশেষ তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে সাতক্ষীরার যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবির সদস্যরা নৌযান নিয়ে নদীতে টহল দিচ্ছেন, যেখানে নৌকার শক্তিশালী সার্চলাইটের আলো নদীর দুই তীর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এছাড়া গ্রামীণ পথে টর্চলাইট ও হ্যান্ড মাইক হাতে এবং সীমান্তবর্তী খোলা মাঠে মশাল জ্বালিয়ে সতর্ক নজরদারি চালানো হচ্ছে।
গত বুধবার বিজিবির পাঠানো বেশ কিছু ভিডিওতে সাতক্ষীরা সীমান্তে রাতের এই বিশেষ টহল ও নজরদারির দৃশ্য ফুটে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এই এলাকায় বিজিবির তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে কাঁটাতারহীন এলাকাগুলোতে এবং রাতে নদীপথে নৌ-টহলের হার বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দেওয়া তথ্যানুসারে, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত পাঁচ দফা অভিযানে ১১ লাখ ৪০ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে প্রসাধনী, ব্লুটুথ স্পিকার, মদ, মুঠোফোনের বিভিন্ন সরঞ্জাম, কম্বল, ওষুধ, শাড়ি, কিশমিশ, টুথপেস্ট ও বডি স্প্রে।
এর আগে ১৫ নভেম্বর রাতে সাতক্ষীরা সীমান্তের পাঁচটি ভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর ওই এলাকা ও আশপাশে তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত থাকার সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে।”
সীমান্তের স্পর্শকাতর ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় নজরদারির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা জানান তিনি। ৩৩ বিজিবির অধিনায়ক আরও বলেন, “গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় নজরদারির জন্য সার্চলাইট, থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে যৌথ টহল পরিচালনার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে।”
অন্যদিকে, জেলার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্রিয়তার কথা জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি জানান, চোরাচালান ও অবৈধ পারাপারে সহায়তাকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।