চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের কক্ষে দরজা বন্ধ করে এক জুনিয়র শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় চরম আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরবর্তীতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তবে বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। জানা গেছে, অভিযুক্ত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং ভুক্তভোগী ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসনের সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বিজয় ২৪ হলের নিচতলার একটি কক্ষে অবস্থান করেন। সোমবার রাতে তিন সিনিয়র শিক্ষার্থী তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন। সেখানে প্রবেশের পর তাঁরা কক্ষের দরজা বন্ধ করে দেন এবং তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেন। এতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। শুধু তাই নয়, কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে বিভিন্ন কটূক্তিও করা হয়। ঘটনার পর আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “সোমবার রাতে এক শিক্ষার্থী এসেছিলেন। তিনি আতঙ্কিত ছিলেন। শারীরিকভাবে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুব ভয় পেয়েছিলেন। বমি করায় তাঁকে শুধু বমির ওষুধ দেওয়া হয়েছিল। পরে আবার হলে ফেরত পাঠানো হয়।”
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এই ঘটনার লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই ছাত্রী। অভিযোগে তিনি উল্লেখ করেন, “রাত ১০টার দিকে আমাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনজন। পরে আমার পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেন। এ মাকড়সা তাঁরা আগে থেকে একটি বাটিতে বন্দী করে রেখেছিলেন। আমার মাকড়সার ফোবিয়া (ভীতি) সম্পর্কে হলের ব্লকের সবাই অবগত। সুতরাং স্পষ্টতই এটি পূর্বপরিকল্পিত। আমি এ ঘটনার পর হলে নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, আমি সেই নিশ্চয়তা চাই।”
অন্যদিকে, একই সময়ে অভিযুক্ত তিন শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন জানিয়েছেন। তাঁরা দাবি করেন, ভুক্তভোগী ছাত্রীর মাকড়সার প্রতি তীব্র ভীতির বিষয়টি তাঁরা আগে জানতেন না। নিছক মজা করতে গিয়েই এই ঘটনাটি ঘটেছে। এই কাজের জন্য তাঁরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম মুক্তকণ্ঠকে জানান, “গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা উভয় পক্ষকে ডেকেছিলাম। সে সময় অভিযুক্ত তিনজন আমার সামনে ক্ষমা চেয়েছেন। পরবর্তী সময় অভিযুক্ত তিনজনের কাছ থেকে আমরা মুচলেকা নিয়েছি। তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো রকম অভিযোগ এলে আমরা কঠোর পদক্ষেপ নেব।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল আমরা এ বিষয়ে বৈঠক করেছিলাম। অভিযুক্ত শিক্ষার্থীরা ঘটনাটির বিষয়ে অনুতপ্ত। আজ আমরা আবার বৈঠক করব। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”