চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় প্রতি চারজনে একজন পরীক্ষার্থী নিজের ফল মেনে নেননি। খাতা আবার দেখার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন। সব মিলিয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে। এ জন্য খাতাপ্রতি তাঁদের ফি দিতে হয়েছে ১৫০ টাকা করে। এই হিসাবে শিক্ষার্থীরা ব্যয় করেছেন ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর খাতা আবার দেখার জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছিল। এসএসসিতে শিক্ষার্থীরা ফি দিয়েছে ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি। দুই পরীক্ষা মিলিয়ে এই অঙ্ক সাড়ে ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জনের ফল বদলেছে এইচএসসিতে। তাঁদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফল অনুসারে, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
এবার প্রথমবারের খাতা নতুন করে মূল্যায়ন
আগে খাতা পুনর্নিরীক্ষণে শুধু দেখা হতো নম্বর যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না বা কোনো প্রশ্নে নম্বর বাদ পড়েছে কি না। পরীক্ষক কোনো উত্তরে কম বা বেশি নম্বর দিলে তা বদলানোর সুযোগ আগে ছিল না। চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকে প্রথমবারের মতো খাতা পুনর্মূল্যায়ন শুরু হয়েছে।
নিয়ম বদলানোর পর ফল বদলের সংখ্যাও অনেক বেড়েছে। মুক্তকণ্ঠের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ বছরের এসএসসিতে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ২০৭। গ্রেড বদলেছে ২৭ হাজার ৮৩৬ জনের। আগের নিয়মে মূল্যায়নের এ ধরনের ভুল ধরার কোনো সুযোগই ছিল না।
ভুল পরীক্ষকের, ব্যয় শিক্ষার্থীর
পুনর্নিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। বাংলা বা ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে এক পত্র নিয়ে সন্দেহ থাকলেও দুটি পত্রের জন্যই আবেদন করতে হয়। বোর্ডের এই নিয়মে একটি বিষয়ের খাতা দেখাতে খরচ পড়ে ৩০০ টাকা।
ওদিকে এসএসসিতেও লিখিত ও ব্যবহারিক—দুই পরীক্ষার খাতার জন্যই প্রতি পত্রে ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। এই ফি অফেরতযোগ্য, অর্থাৎ ফল বদলালেও এই ফি ফেরত দেওয়া হয় না।
বোর্ডভেদে বড় ফারাক
ফল বদলের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে। সেখানে আবেদনকারীদের ১৪ দশমিক ১৪ শতাংশের ফল বদলেছে। এরপর আছে কারিগরি শিক্ষা বোর্ড (১৩ দশমিক ২৩ শতাংশ) ও কুমিল্লা বোর্ড (১১ দশমিক ১৭ শতাংশ)। সবচেয়ে কম রাজশাহী বোর্ডে, ২ দশমিক ৪৭ শতাংশ।
কারিগরি বোর্ডের চিত্রটা সবার চেয়ে আলাদা। এই বোর্ডের ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন। ১১টি বোর্ডে মোট যতজন ফেল থেকে পাস করেছেন, তাঁদের ৪০ শতাংশই এই বোর্ডের। অর্থাৎ এইচএসসিতে যে ২৩ হাজার ১৪৫ জনের ফল বদলেছে, তাঁদের খাতায় প্রথম দফার মূল্যায়ন ঠিক ছিল না। সেই ভুল শোধরাতে টাকাও দিতে হয়েছে শিক্ষার্থীদের।
পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, বর্তমান প্রশ্নপত্রের ধরন, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য হওয়ার কথা নয়। মূল্যায়নে এমন পার্থক্য দেখা যাওয়ার অর্থ পরীক্ষকদের নির্ভরযোগ্যতায় ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর উচিত নির্ভরযোগ্য পরীক্ষক তৈরিতে আরও গুরুত্ব দেওয়া।