যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। তবে কেবল ভারতই নয়, আরও ডজনখানেক দেশ ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক তালিকার অন্তর্ভুক্ত হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এই দেশগুলো তাদের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনে সরকারি সহায়তা প্রদান করে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসায়িক ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই নতুন শুল্ক ব্যবস্থার নিশানায় থাকতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও বেশ কয়েকটি প্রধান অর্থনীতির দেশ। গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন শুল্ক সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে আসছিল এবং সেই তদন্তের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আশা করা হচ্ছে যে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করবেন। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এই নতুন শুল্কের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস এবং ইউএসটিআর এই প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নতুন শুল্কের কাঠামো

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু করা হয়েছিল। এই আইনের আওতায় যদি অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে প্রেসিডেন্ট শুল্ক আরোপ করার ক্ষমতা পান।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রিয়ার জানিয়েছেন যে, ওই সব ভর্তুকি এবং অন্যান্য সরকারি সহায়তার কারণে সংশ্লিষ্ট অর্থনীতির দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে তাদের প্রতিষ্ঠানগুলো অনেক কম দামে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে ছড়িয়ে দিচ্ছে, যার ফলে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ইউএসটিআরের এই ঘোষণার পর নিশানা করা দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক বসানো হবে। ধারণা করা হচ্ছে, এসব দেশ থেকে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এই শুল্কের আওতায় আসবে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তার অন্য একটি আইনের অধীনে সেগুলোর ওপর আগেই শুল্ক আরোপ করা হয়েছে।

চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার জানিয়েছেন, তারা ২০২৫ সালে প্রেসিডেন্টের নির্ধারিত শুল্কের মতোই হার আরোপ করতে আগ্রহী। উল্লেখ্য, ট্রাম্পের সেই শুল্ক আরোপ চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন।

গত জুলাইয়ে বিদেশি সরবরাহ চেইনে (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের বিষয়ে একটি তদন্ত শেষ করেছে ইউএসটিআর। সংস্থাটি জানিয়েছে, এর ফলে ডজনখানেক বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত। অতিরিক্ত উৎপাদনের তদন্তে থাকা ১৬টি অর্থনীতির দেশের সবকটিই এই তালিকায় রয়েছে। নতুন এই শুল্ক জুলাইয়ে ঘোষিত শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি

ভারত ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই চুক্তির কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত করা হয়েছিল। তবে গত বছর ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অধীন আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেন।

এর ফলে বিষয়টি পুনরায় আলোচনার টেবিলে ফিরে এসেছে। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা প্রত্যাশা করছে।