বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান সংকটকে আমরা সাধারণত তারল্যসংকট, মূলধন ঘাটতি কিংবা খেলাপি ঋণের মাধ্যমে ব্যাখ্যা করি। তবে এই সমস্যাগুলোর গভীরে লুকিয়ে আছে আরও একটি মৌলিক সংকট—ব্যাংকের পরিচালনা ও সুশাসনের চরম দুর্বলতা।

দেশে এবং বিদেশে ব্যাংকিং খাতের সঙ্গে দীর্ঘ ৩৭ বছরের সম্পৃক্ততা থেকে আমি বলতে পারি, একটি শক্তিশালী ব্যাংক এবং একটি দুর্বল ব্যাংকের মধ্যে মূল পার্থক্য কেবল মুনাফা বা মূলধনের পরিমাপে হয় না; বরং সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

যখন একটি বোর্ড দায়িত্বশীল হয়, তখন ব্যাংকের ব্যবস্থাপনা জবাবদিহির আওতায় থাকে। কিন্তু বোর্ড যখন রাজনৈতিক প্রভাব, পারিবারিক সম্পর্ক কিংবা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কাছে আত্মসমর্পণ করে, তখন ব্যাংক আর আমানতকারীদের প্রতিষ্ঠান থাকে না; তা পরিণত হয় মালিকের স্বার্থ রক্ষার ব্যক্তিগত হাতিয়ারে।

এই বাস্তব প্রেক্ষাপটে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের জন্য সরকারের আনা নতুন খসড়াকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। গত ২২ নভেম্বর সরকার এই সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাংকের নেতৃত্ব থেকে দূরে রাখা, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ সীমিত করা এবং পরিচালকদের মেয়াদ কমানোর মতো প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয়, কেবল আইন সংশোধন করলেই হবে না, পরিচালনা পর্ষদের সামগ্রিক সংস্কৃতিতেও আমূল পরিবর্তন আনতে হবে। অন্যথায় ব্যাংক খাতের দীর্ঘদিনের এই অসংগতিগুলো দূর করা প্রায় অসম্ভব হবে।

প্রথমত, পরিচালকদের টানা মেয়াদের সর্বোচ্চ সীমা ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা এবং এরপর তিন বছরের বিরতি রাখার প্রস্তাবটি অত্যন্ত সময়োপযোগী। উল্লেখ্য, ২০১৮ সালে এই মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে তা ১২ বছর করা হয়েছিল। এর ফলে একই ব্যক্তির দীর্ঘকাল বোর্ডে থাকার সুযোগ তৈরি হয়েছে, যা স্বার্থের সংঘাত এবং ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে, ব্যাংক কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। যে পরিচালক ৬ বছরে কার্যকর অবদান রাখতে পারেন না, তিনি ১২ বছরেও তা পারবেন না।

দ্বিতীয়ত, একই পরিবারের সদস্যদের বোর্ডে থাকার সংখ্যা তিন থেকে কমিয়ে দুই এবং পরিবার-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালক দুই থেকে কমিয়ে একজনের করার প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাংক খাতের একটি বড় সমস্যাই হলো পরিবারকেন্দ্রিক মালিকানা। অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা ঋণ নিচ্ছেন এবং যারা ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নিচ্ছেন, তারা একই স্বার্থের বলয়ে অবস্থান করছেন। এর ফলে ব্যাংকের ঝুঁকি বেড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ আমানতকারীরা। তবে কেবল সদস্যসংখ্যা কমালেই হবে না; আত্মীয়স্বজন, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণের পথগুলোও বন্ধ করতে হবে।

তৃতীয়ত, স্বাধীন পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবটি ইতিবাচক। খসড়ায় বলা হয়েছে, ২০ সদস্যের বোর্ডে অন্তত ৪ জন এবং এর চেয়ে কম সদস্যের বোর্ডে অন্তত ৩ জন স্বাধীন পরিচালক থাকতে হবে। এটি আগের চেয়ে একটি অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, ২০ সদস্যের একটি বোর্ডে মাত্র ৪ জন স্বাধীন পরিচালক মালিকপক্ষের সিদ্ধান্তকে কতটা কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে পারবেন? অন্তর্বর্তী সরকারের প্রাথমিক খসড়ায় সর্বোচ্চ ১৫ সদস্যের বোর্ড এবং অন্তত অর্ধেক স্বাধীন পরিচালক রাখার প্রস্তাব ছিল, কিন্তু চূড়ান্ত খসড়ায় সেখান থেকে সরে আসা হয়েছে।

আমার মতে, বোর্ডের অন্তত এক-তৃতীয়াংশ সদস্য স্বাধীন পরিচালক হওয়া উচিত। তাঁদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্যানেল থাকা প্রয়োজন। কেবল মালিকপক্ষের পছন্দের ব্যক্তিকে স্বাধীন পরিচালক নিয়োগ দিলে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না। অডিট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মনোনয়ন কমিটির নেতৃত্বেও তাঁদের অগ্রাধিকার দেওয়া উচিত।

চতুর্থত, ব্যাংক পরিচালনাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাবটি প্রশংসনীয়। ঋণ অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা করা হলে ব্যাংকিং শৃঙ্খলা নষ্ট হয় এবং ঋণ ব্যবসায়িক সিদ্ধান্তের পরিবর্তে ব্যক্তিগত আনুকূল্যের বিষয়ে পরিণত হয়। তবে রাজনৈতিক পদধারীদের পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থের মাধ্যমে পরোক্ষ প্রভাব বিস্তারের পথও বন্ধ করতে হবে।

পঞ্চমত, ব্যাংকের পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। ব্যাংক কোম্পানি আইনের নতুন খসড়ায় নারীদের জন্য নির্দিষ্ট কোনো কোটা নেই। তবে ২২ নভেম্বর প্রকাশিত পৃথক সরকারি নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ও সরকারি অংশীদারত্বের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বোর্ডে এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী নিয়োগ বিবেচনার কথা বলা হয়েছে। বেসরকারি ব্যাংকেও যোগ্য নারী পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো উচিত, যাদের আর্থিক, আইনগত, প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনায় বাস্তব দক্ষতা রয়েছে।

আইন পরিবর্তন করা সহজ, কিন্তু দীর্ঘদিনের স্বার্থের বলয় ভেঙে ব্যাংকের পরিচালনা সংস্কৃতি বদলানো কঠিন। তবে সেই কঠিন কাজটিই এখন করতে হবে। কারণ, আইন বদলালেই ব্যাংক বদলাবে না, বোর্ড পরিচালনার সংস্কৃতিও বদলাতে হবে।

ষষ্ঠত, ফিট অ্যান্ড প্রপার বা উপযুক্ততা যাচাই প্রক্রিয়া আরও কার্যকর করতে হবে। ঋণখেলাপি, আর্থিক অপরাধে জড়িত ব্যক্তি কিংবা নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনকারীদের পরিচালক হওয়ার সুযোগ সীমিত করার পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা যাচাই করা জরুরি। শুধু কাগজপত্রের মাধ্যমে পরিচালকের দক্ষতা বোঝা সম্ভব নয়। ব্যাংকিং ঝুঁকি, সাইবার নিরাপত্তা, মানি লন্ডারিং, জলবায়ু ঝুঁকি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে পরিচালকদের নিয়মিত প্রশিক্ষণ থাকা উচিত। বছরে অন্তত দুই থেকে তিন দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা যেতে পারে।

ব্যাংক খাতের আর্থিক অবস্থাও আমাদের সতর্ক করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। জুনে এই ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। অন্যদিকে জুন শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিআরএআর নেমে এসেছে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে। যেখানে ব্যাসেল-৩ কাঠামোয় ন্যূনতম মূলধন অনুপাত ১০ শতাংশ এবং মূলধন সংরক্ষণ বাফারসহ নিয়ন্ত্রক চাহিদা ১২ দশমিক ৫০ শতাংশ। এই পরিস্থিতি দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সুশাসনের ব্যর্থতারই প্রতিফলন।

এ কারণে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ারধারণের সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক। তবে বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা, সুশাসনের অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকার বিবেচনা করতে হবে। একই সঙ্গে পরিচালকের পদ ছাড়ার পরও তাঁর নেওয়া ঋণ পুনঃ তফসিলের সুযোগ ছাড়া আদায়ের প্রস্তাবটি কার্যকর রাখতে হবে।

সবশেষে, ব্যবস্থাপনার স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা পর্ষদ নীতিগত সিদ্ধান্ত নেবে, কিন্তু দৈনন্দিন ব্যাংক পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালককে পেশাগত স্বাধীনতা দিতে হবে। মালিকের অনৈতিক নির্দেশ প্রত্যাখ্যান করলে চাকরি হারানোর ভয় থাকলে কোনো এমডির পক্ষেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এমডি নিয়োগের পাশাপাশি তাঁকে অপসারণের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকি প্রয়োজন। বোর্ড ভেঙে দেওয়া, নতুন বোর্ড গঠন এবং অনিয়মের জন্য শাস্তি দেওয়ার ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংককে বাস্তবে প্রয়োগ করতে হবে।

একটি ব্যাংকের মালিকানা ব্যক্তিমালিকানায় থাকতে পারে, কিন্তু তার দায়বদ্ধতা শুধু মালিকের কাছে নয়। এর সঙ্গে জড়িয়ে আছে লাখো আমানতকারীর সঞ্চয়, উদ্যোক্তার বিনিয়োগ এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা। তাই ব্যাংক পরিচালনা বড় প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আইন সেই দায়িত্বের কাঠামো তৈরি করতে পারে, কিন্তু তা কার্যকর করতে প্রয়োজন স্বাধীন বোর্ড, পেশাদার ব্যবস্থাপনা এবং শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি।

আইন পরিবর্তন করা সহজ; দীর্ঘদিনের স্বার্থের বলয় ভেঙে ব্যাংকের পরিচালনা সংস্কৃতি বদলানো কঠিন। কিন্তু সেই কঠিন কাজটিই এখন করতে হবে। কারণ, আইন বদলালেই ব্যাংক বদলাবে না, বোর্ড পরিচালনার সংস্কৃতিও বদলাতে হবে।

— মামুন রশীদ
ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক
(মতামত লেখকের নিজস্ব)