অফিসের ক্যানটিনে জমে উঠেছে তুমুল আড্ডা। সাধারণত অফিস চলাকালীন ক্যানটিনে এমন আড্ডা হওয়ার কথা নয়, তবে আজ যেন অফিসের সব নিয়ম-নীতি ও প্রসিডিওর ভেঙে পড়েছে। আড্ডার উত্তাপ যখন তুঙ্গে, তখন তা এক ভয়াবহ তর্কে রূপ নিল।

তর্কের এক পর্যায়ে রাকিব টেবিলে জোরে চাপড় দিয়ে বললেন, ‘কাজের পরে গিফট নিলে সমস্যা কী? কাজ তো ওভার!’

রাকিবের এই টেবিল চাপড়ানোর ফলে সজীবের সামনের চায়ের কাপটি লাফিয়ে কাত হয়ে যায় এবং চা গড়িয়ে পড়ে সজীবের প্যান্টে। সজীব বিরক্ত হয়ে বললেন, ‘এটা কোনো কাজ করলেন, রাকিব ভাই! প্যান্ট এমন জায়গায় ভিজেছে যে না শোকানো পর্যন্ত ক্যানটিন থেকে বের হওয়া যাবে না।’

অন্য সময়ে হলে সজীবের এই কথাটি আলোচনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারত, কিন্তু বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে কেউ তার কথা শুনল না। আসিফ আলোচনায় যোগ দিয়ে বললেন, ‘গিফট নিতে সমস্যা নেই। সমস্যা হলো গিফটের সঙ্গে যদি কোনো এক্সপেকটেশন থাকে। এক মাঘে যেমন শীত যায় না, সে রকম এক কাজে টেন্ডার শেষ হয় না। কাজ আবার আসবে।’

আসিফের এই যুক্তিতে রাকিব পাল্টা জবাব দিলেন, ‘আপনি বিশাল পেঁচাইল্যা পাবলিক, ভাই। এখানে এক্সপেকটেশনের কথা কেন আসছে!’

আসিফ সতর্ক করে বললেন, ‘মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি বলছি, কাজের পর আমি আপনাকে আইফোন দিলাম উইথ এক্সপেকটেশনস, পরের কাজটাও আপনি আমাকেই দেবেন। তখন সেটা আর গিফট থাকে না।’

রাকিব চায়ে চুমুক দিয়ে প্রশ্ন করলেন, ‘আইফোন দেওয়ার পরও যদি পরের কাজ আপনাকে না দিই, তাহলে?’

আসিফ তখন উত্তর দিলেন, ‘তাহলে তো এটা পিওর লাভ! কোনো কমার্শিয়াল ট্রানজ্যাকশন নেই!’

এই কথোপকথনে সজীব বলে উঠলেন, ‘আপনারা বিষয়টা বুঝতেই পারছেন না। এখন সবকিছুর প্রফেশনাল ইন্টারপ্রিটেশন আছে।’

রাকিব কৌতূহল নিয়ে জানতে চাইলেন, ‘যেমন?’

সজীব ব্যাখ্যা করলেন, ‘ধরুন, কেউ আপনাকে একটা রোলেক্স ঘড়ি দিল। সেটা হবে আপনার অ্যাপ্রিসিয়েশন। যদি একটা গাড়ি দেয়, তাহলে সেটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আর একটা ফ্ল্যাট দিলে, সেটা হয়ে যাবে লংটার্ম নেটওয়ার্কিং!’

আসিফ জিজ্ঞেস করলেন, ‘আর ক্যাশ দিলে?’

সজীব তার প্যান্টের ভেজা অংশটি পুনরায় ঘষে নিয়ে বললেন, ‘ওটা একটু ওল্ড ফ্যাশনড।’

রাকিব আবারও টেবিলে চাপড় দিলেন, আর তা দেখে সবাই দ্রুত নিজেদের চায়ের কাপ চেপে ধরলেন। রাকিব বললেন, ‘বাহ! দারুণ। করাপশনও এখন ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে!’

ঠিক সেই মুহূর্তে ক্যানটিনে প্রবেশ করলেন বস। আসলে পুরো ঘটনাটি তাকে কেন্দ্র করেই। তিনি আগে এক তত্ত্ব দিয়েছিলেন যে, কাজের পরে ভেন্ডর বা ক্লায়েন্ট কিছু দিলে তাকে সরলভাবে উপহার হিসেবে গণ্য করতে হবে এবং এটি এইচআর ইস্যু হবে না। ক্যানটিনের বিশৃঙ্খল অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন, ‘ঘটনা কী? আপনারা কি আজ দল ধরে ছুটি নিয়েছেন? নো অফিস!’

সজীব দুই হাতের তালু দিয়ে প্যান্টের কোমরের নিচের ভেজা অংশ ঢাকতে ঢাকতে জিজ্ঞেস করলেন, ‘স্যার, একটা পারসোনাল কোয়েশ্চেন। গিফট আর ব্রাইবের পার্থক্য কী?’

বস আরও কাছে এসে উত্তর দিলেন, ‘ভেরি সিম্পল। গিফট ইজ আ জেসচার অব গুডউইল। ব্রাইব ইজ অ্যান অ্যাটেম্পট টু ইনফ্লুয়েন্স আ ডিসিশন।’

সজীব পাল্টা প্রশ্ন করলেন, ‘স্যার, ধরুন, কেউ আপনাকে একটা আইফোন দিল। আপনি নিলেন। তারপর তার একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল দিলেন। এটা কোন ক্যাটাগরি?’

বস মৃদু হাসলেন এবং চেয়ার টেনে বসলেন। তিনি বললেন, ‘আরেক রাউন্ড চা হয়ে যাক! প্রেজেন্টেড বাই মি।’

রাকিব মনে করিয়ে দিলেন, ‘স্যার, সজীব ভাই আপনার কাছে জানতে চেয়েছিলেন, আইফোন নিয়ে প্রজেক্ট অ্যাপ্রুভ করা কোন ক্যাটাগরি?’

সবার জন্য চা ও শিঙাড়া অর্ডার দিয়ে বস সংক্ষিপ্ত উত্তর দিলেন, ‘ইট ডিপেন্ডস!’

রাকিব পুনরায় প্রশ্ন করলেন, ‘কিসের ওপর ডিপেন্ডস, স্যার? আইফোনের স্টোরেজ ক্যাপাসিটি, নাকি প্রজেক্টের বাজেটের ওপর?’

বসের চেহারায় হঠাৎ গম্ভীর ভাব ফুটে উঠল। তিনি শীতল স্বরে বললেন, ‘ইউ ইয়াং গাইজ, সবকিছু নিয়ে জোক করেন। প্রফেশনাল রিলেশনশিপ বলে একটা ব্যাপার আছে। আপনাদের শেখার এখনো অনেক বাকি।'

সজীব বললেন, ‘অ্যাবসলিউটলি, স্যার! কিন্তু রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য কি এত এক্সপেনসিভ সাবস্ক্রিপশন লাগে?’

বস এবার দাঁড়িয়ে পড়লেন এবং চেয়ার সরিয়ে বললেন, ‘আমার জরুরি মিটিং আছে। চা-শিঙাড়া আপনারা খেয়ে নেবেন। দাম আমি দিয়ে দেব। এনিওয়ে, যা বলছিলেন, এসব নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। অফিসে আমার হেলদি এনভায়রনমেন্ট পছন্দ। গসিপ নয়। আর মনে রাখবেন, ট্রান্সপারেন্সি ইজ ইম্পরট্যান্ট।’

বস যখন ক্যানটিন থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আসিফ পেছন থেকে বলে উঠলেন, ‘অ্যাবসলিউটলি, স্যার। শুধু একটা রিকোয়েস্ট, আপনার নেক্সট গিফটের আনবক্সিং ভিডিওটা পাবলিক করে দিয়েন। আমরা সবাই ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি!’

বস আর পেছনে তাকালেন না, দ্রুত চলে গেলেন। ক্যানটিন ম্যানেজার বসের নামে বাকি লিখতে রাজি না হওয়ায় সজীব বিল দিতে দিতে বললেন, ‘একটা ব্যাপার বুঝলাম। গিফট, ব্রাইব আর নেটওয়ার্কিং—তিনটার মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম।’

রাকিব জানতে চাইলেন, ‘কী রকম?’

সজীব উত্তর দিলেন, ‘গিফট দিলে মানুষ খুশি হয়, ব্রাইব দিলে কাজ হয়, আর নেটওয়ার্কিং করলে দুটোই হওয়ার সম্ভাবনা থাকে!’

গম্ভীর মুখে আসিফ বললেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সবাই গিফটের ডেফিনিশন জানে, কিন্তু কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ডেফিনিশন জানার সময় কারও ক্যালেন্ডারে স্লট থাকে না!’

ক্যানটিন থেকে বের হওয়ার সময় তারা চমকে উঠলেন। দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে তাঁদের সব কথা শুনছিলেন বস। তিনি বললেন, ‘সামনে অ্যানুয়াল অ্যাপ্রাইজাল। আপনাদের চারজনেরই ইনক্রিমেন্ট হবে। গিফট, ব্রাইব নিয়ে আর কখনো কোনো দিন কোনো আলোচনা করবেন না।’

শেষ পর্যন্ত চারজনই মেনে নিলেন যে, গিফট ইজ নট ব্রাইব।