প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে দেশে ফিরেছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। দীর্ঘ ১৮ বছরের সংগীত ক্যারিয়ারে এটিই ছিল তাঁর সবচেয়ে দীর্ঘ সফর। এই সফরে তিনি মোট ১৭টি স্টেজ শো করেছেন। দেশে ফেরার পরপরই তিনি নতুন গান প্রকাশ করেছেন এবং বর্তমানে সিনেমা, অডিও ও নাটকের জন্য আরও অর্ধডজন গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মনজুর কাদেরের সঙ্গে কথা বলেছেন ইমরান।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ইমরান মাহমুদুল যে গানটি প্রকাশ করেছেন তার নাম ‘সখী মন বুঝলা না’। মাত্র ১০ দিনের ব্যবধানে ইউটিউবে গানটির ভিউ প্রায় ৪০ লাখে পৌঁছেছে। এবার গানের ধরনে কিছুটা ভিন্নতা এনেছেন এই শিল্পী। লোকগানের সাথে ইলেকট্রনিক সংগীতের এক অনন্য মিশেল তৈরি করেছেন তিনি। এই বিষয়ে ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গানটির মাধ্যমে একটু ভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছানো। সাধারণত আমি সিনেমার গান করি, সিনেমার আবহ মাথায় রেখেই গান তৈরি করি। কিন্তু এই গান ও ভিডিও করেছি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ইউটিউবের মন্তব্যগুলো দেখলেও বোঝা যায়, অনেকে বলছেন, নতুন ইমরান, নতুন কিছু করছে। আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেটা পেয়েছি।’

লোকসংগীতের জনপ্রিয়তাকে ইলেকট্রনিক সংগীতের সাথে মিলিয়ে নতুন এক আবহ তৈরির চেষ্টা করেছেন তিনি। ইমরান জানান, ‘আমাদের দেশের লোকগান খুব জনপ্রিয়। ভাবলাম, লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীত মিশিয়ে দেখলে কেমন হয়। গানটি এমন হয়েছে, সাধারণ শ্রোতারাও শুনে আনন্দ পাচ্ছেন, আবার নতুন প্রজন্ম সংগীতের পরিবেশনা ও ছন্দের জায়গা থেকে উপভোগ করছে। রিলস, কাভার ও টিকটক ভিডিও থেকেও ভালো সাড়া পাচ্ছি।’

দীর্ঘ সফর ও নতুন উপলব্ধি

পেশাদার সংগীতজীবনের ১৮ বছরে এবারই সবচেয়ে দীর্ঘ সফর করলেন ইমরান। যুক্তরাষ্ট্রে তিনি মোট ৮৫ দিন কাটিয়েছেন এবং ১৭টি স্টেজ শোতে অংশ নিয়েছেন। এর আগে ২০২৩ সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে ১০টি শো করেছিলেন। এই অভিজ্ঞতা সম্পর্কে ইমরান বলেন, ‘শোও বেশি করেছি, ভালোবাসাও পেয়েছি অনেক। আমাদের পরিবেশনার পরিকল্পনাও ছিল একটু আলাদা। স্টেজ শোর জন্য গানগুলোর সংগীতায়োজন নতুনভাবে করে নিয়ে গিয়েছিলাম। সেগুলোর খুব ভালো সাড়া পেয়েছি।’

এই সফরে একটি বিষয় ইমরানের বিশেষভাবে নজর কেড়েছে, তা হলো নতুন প্রজন্মের তরুণদের বাংলা গানের প্রতি আগ্রহ। এমনকি অনেক শিশুকেও মা-বাবার সঙ্গে অনুষ্ঠানে আসতে দেখেছেন তিনি। ইমরান বলেন, ‘অনেক পুরোনো শ্রোতা আছেন, যাঁরা ২০০৮ সাল থেকে গান শুনছেন। তাঁদের পাশাপাশি এবার একেবারে তরুণদেরও দেখেছি। তাঁদের সঙ্গে কথা বলেছি। তখন মনে হয়েছে, এই প্রজন্মের জন্যও কিছু করা উচিত। তারা যখন বড় হবে, তখন যেন আমার গান তাদের কাছেও পৌঁছায়। যুক্তরাষ্ট্রে গিয়ে বিষয়টি বেশি উপলব্ধি করেছি।’

যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি আরও কিছু গান তৈরির পরিকল্পনা করেছেন। ইমরান জানান, ‘গ্রুভি ধরনের তিন-চারটি গান টানা তৈরি করব, যেগুলো এই প্রজন্মকে লক্ষ্য করে। প্রথমটি প্রকাশিত হয়েছে। আরও তিনটির কাজ চলছে।’

সিনেমা ও নাটকের গানের কাজ নিয়েও তাঁর ব্যস্ততা চলছে। বেশ কয়েকটি প্রজেক্টের প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা চলছে। তবে সিনেমার গানের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। কারণ, মুক্তির আগমুহূর্তে গানের ধরন বা চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। বর্তমানে সিনেমা, অডিও ও নাটকের জন্য মোট অর্ধডজনের মতো গানের কাজ করছেন তিনি।

স্বপ্নে অরিজিৎ ও শ্রেয়া

দীর্ঘ ১৮ বছরের সংগীতজীবনে অনেক নামী শিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন ইমরান। ব্যাপক জনপ্রিয়তা ও শ্রোতাদের ভালোবাসা পেলেও তিনি নিজেকে এখনো বিনয়ী মনে করেন। ইমরান বলেন, ‘আমি এখনো নিজেকে শূন্য থেকেই ভাবি। সত্যি বলতে, স্বপ্ন দেখার শেষ নেই। প্রতিদিন, প্রতিমুহূর্তে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি।’

আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছা তাঁর। বিশেষ করে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। অরিজিৎ সিং সম্পর্কে ইমরান বলেন, ‘অরিজিতের গান আমার কাছে ওষুধের মতো। যখন থেরাপির প্রয়োজন হয়, তাঁর গান শুনি। এমনকি তাঁর কথা শুনলেও ভালো লাগে। তিনি আমাকে অনেক অনুপ্রাণিত করেন।’

ব্যক্তিগত জীবন ও রোমান্টিকতা

রোমান্টিক গান গেয়ে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ইমরান। তাঁর গাওয়া প্রেমের গান অনেকেরই আবেগের সঙ্গী। তবে বাস্তব জীবনে তিনি কতটা রোমান্টিক, সেই প্রশ্ন শুনেই হেসে ওঠেন এই শিল্পী। তিনি বলেন, ‘প্রেমিক ইমরান কেমন, সেটা আমি বলতে পারব না। প্রেমিকারা বলতে পারবে।’ এরপর হাসতে হাসতে তিনি আরও যোগ করেন, ‘আমার জীবনে প্রেমিকা একজনই, তাঁর সঙ্গেই আমার জীবন বেঁধেছি। তাঁকে হয়তো পরবর্তী কোনো সাক্ষাৎকারে জিজ্ঞেস করে নিতে হবে। তখন উত্তর পেলে বলতে পারব।’