যে ইউরোপ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর সামাজিক নিরাপত্তার স্বপ্ন গড়েছিল, আজ সে সেই স্বপ্নের হিসাব মেলাতে পারছে না। ১৯৪২ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম বেভারিজ অভাব, রোগ, অজ্ঞতা, দুর্দশা আর আলস্যকে সমাজের পাঁচ দানব বলে চিহ্নিত করেছিলেন, আর রাষ্ট্রকে বলেছিলেন নাগরিকের ঢাল হতে।
অন্যদিকে পুঁজির দাবি সম্পূর্ণ ভিন্ন: মুনাফা চাই, শ্রম চাই আর শ্রম হলে সস্তা চাই। এই দুই বিপরীত যুক্তি দীর্ঘদিন এক ছাদের নিচে সহাবস্থান করেছে; কিন্তু এই সংসার কখনোই শান্ত ছিল না। আজ সেই ফাটল আর ঢাকা পড়ছে না, আর এই ফাটলের চরম মূল্য দিতে হচ্ছে সীমান্তের ওপারের মানুষকে।
অস্ট্রো-হাঙ্গেরীয় অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানির ‘দ্বৈত আন্দোলন’ তত্ত্বে এর একটি পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়। বাজার যখন সমাজকে গ্রাস করতে শুরু করে, তখন সমাজ নিজেকে বাঁচাতে পাল্টা দেয়াল তৈরি করে। যুদ্ধোত্তর কল্যাণরাষ্ট্র ছিল সেই দেয়ালেরই বহিঃপ্রকাশ।
কিন্তু আশির দশক থেকে মূলধনের অবাধ চলাচল, করের প্রতিযোগিতা আর শ্রমবাজারের ‘নমনীয়তা’ সেই দেয়ালের ইট খসিয়ে দিয়েছে। ২০০৮-এর আর্থিক সংকটের পর সাধারণ মানুষ একটি সরল প্রশ্ন করতে শিখেছে, রাষ্ট্র ব্যাংক বাঁচাতে পারলে নাগরিককে বাঁচায় না কেন? প্রতিষ্ঠিত রাজনীতি এই প্রশ্নের জবাব দিতে পারেনি। জবাব দিয়েছে অন্য শক্তিরা।
সেই জবাবের নাম হলো কল্যাণ-জাতীয়তাবাদ। কথাটি খুব সহজ—কল্যাণ থাকুক; কিন্তু শুধু ‘আমাদের’ জন্য। ফ্রান্সের ন্যাশনাল র্যালি, সুইডেন ডেমোক্র্যাটস, জার্মানির এএফডি কিংবা যুক্তরাজ্যের রিফর্ম পার্টির উত্থানকে কেবল বর্ণবিদ্বেষ বলে অভিহিত করলে অর্ধেক সত্য বলা হয়।
এই দলগুলোর ভোটারদের অনেকেই এক সময় সোশ্যাল ডেমোক্রেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। তাঁদের ক্ষোভের মূলে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, যাকে বর্তমানে অভিবাসীবিরোধী ভাষায় সংগঠিত করা হচ্ছে। ক্ষুধার্ত মানুষ রাগের একটি ঠিকানা খোঁজে, আর রাজনীতি সেই ঠিকানা তৈরি করে দেয়।
দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নতুন নয়। জার্মান দার্শনিক ফ্রিডরিখ হেগেল ১৮২১ সালেই লিখেছিলেন, নাগরিক সমাজ সম্পদ বানায়, আবার একই সঙ্গে এমন এক বঞ্চিত শ্রেণি তৈরি করে, যাকে সে নিজে আত্মস্থ করতে পারে না। তাঁর সমাধান ছিল উপনিবেশ ও বহির্বাণিজ্য, অর্থাৎ ভেতরের দ্বন্দ্বকে বাইরে পাঠিয়ে দেওয়া।
আজকের ইউরোপ ঠিক উল্টো পথে হাঁটছে: দ্বন্দ্ব এখন ভেতরে, আর তার দায় চাপানো হচ্ছে ভেতরে আসতে চাওয়া মানুষের ওপর। উপনিবেশের সম্পদে গড়া সমৃদ্ধির উত্তরাধিকারীরা এখন উপনিবেশিতদের বংশধরকে ফিরিয়ে দিচ্ছেন, ইতিহাসের এই পরিহাস এড়িয়ে যাওয়া কঠিন।
জার্মান রাজনৈতিক তাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস নাগরিকত্বের ভিত্তি হিসেবে জাতিসত্তার বদলে সাংবিধানিক মূল্যবোধের কথা বলেছিলেন। মার্কিন রাজনৈতিক দার্শনিক জন রলস ভেবেছিলেন, ‘অজ্ঞতার পর্দা’র আড়ালে আমরা সবাই ন্যায্য বণ্টনে একমত হব। কাগজে-কলমে এটি চমৎকার মনে হলেও বাস্তবের রাজনীতিতে পর্দা সরে গেলে মানুষ হিসাব কষে কার ভাগে কতটুকু পড়ল। কল্যাণরাষ্ট্র মূলত পারস্পরিক আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, ‘আমরা একই নৌকার যাত্রী’ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে এটি চলে।
অর্থনীতিবিদ আলবার্তো আলেসিনা ও এডওয়ার্ড গ্লেজারের গবেষণা অনুযায়ী, সমাজ যত বেশি বিভক্ত বলে মনে হয়, পুনর্বণ্টনের প্রতি সমর্থন তত হ্রাস পায়। তবে এটি কোনো অনিবার্য নিয়তি নয়; বরং রাজনৈতিক নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের নকশার ওপর এটি অনেকটাই নির্ভর করে।
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৭৯৫ সালে প্রত্যেক মানুষের ‘সর্বজনীন আতিথেয়তা’র অধিকারের কথা লিখেছিলেন। দুই শতাব্দী পর সেই মহাদেশই আতিথেয়তাকে সীমান্তরক্ষীর খাতায় নামিয়ে এনেছে। যে সমাজ নিজের নৈতিক দাবির চেয়ে নিজের হিসাবের খাতাকে বড় করে দেখে, সে হয়তো সাময়িকভাবে নিরাপদ থাকে। কিন্তু সে আর নিজেকে আলোকময়তার উত্তরাধিকারী বলে দাবি করতে পারে না।
এখানেই অর্থনীতির সবচেয়ে বড় স্ববিরোধিতা। মার্কিন অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের জনপ্রিয় সূত্র অনুযায়ী, অবাধ অভিবাসন আর কল্যাণরাষ্ট্র একসঙ্গে চলতে পারে না। অথচ বুড়িয়ে যাওয়া ইউরোপের জনমিতি বলছে উল্টো কথা। জার্মানি, ইতালি, স্পেন, পোল্যান্ডে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, আর পেনশন ও স্বাস্থ্যব্যয় বাড়ছে।
বর্তমান করদাতাদের টাকায় এখনকার অবসরপ্রাপ্তদের পেনশন চলে; নতুন করদাতা না এলে এই হিসাব মেলে না, আর সেই নতুন করদাতাদের বড় অংশ আসবে অভিবাসী শ্রমশক্তি থেকে। পুঁজি চায় শ্রম, কল্যাণরাষ্ট্র চায় করদাতা, আর রাজনীতি চায় ভোট। প্রথম দুটি অভিবাসী ছাড়া মেটে না; তৃতীয়টি অভিবাসীকে ঠেকিয়ে মেটাতে চায়।
ইউরোপের উত্তর হলো ‘বেছে নেওয়া উন্মুক্ততা’: দক্ষ ও দরকারি শ্রমিক এসো, আর আশ্রয়প্রার্থী ও স্বল্প দক্ষরা থামো। ইইউর নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি এই যুক্তিরই আইনি রূপ। দুই বছরের প্রস্তুতিকাল শেষে চুক্তিটি ২০২৬ সালের ১২ জুন কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনকারীকে প্রথম প্রবেশের দেশেই আশ্রয় চাইতে হবে, আর কোনো দেশ চাপে পড়লে বাধ্যতামূলক সংহতি-ব্যবস্থা চালু হবে।
কাগজে এটি দায়িত্ব ভাগ করে নেওয়ার একটি কাঠামো। বাস্তবে সীমান্তে যাচাই এবং দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি সতর্ক করেছে যে, প্রয়োজনীয় রক্ষাকবচ এখনো অসম্পূর্ণ।
জাতীয় পর্যায়ে কড়াকড়ি আরও প্রকট। ডেনমার্ক ‘শূন্য আশ্রয়প্রার্থী’র লক্ষ্য ঘোষণা করে শরণার্থীর মর্যাদাকে অস্থায়ী করে ফেলেছে। যুক্তরাজ্য দক্ষ কর্মী ভিসার আয়সীমা বাড়িয়েছে এবং স্থায়ী বসবাসের পথ আরও দীর্ঘ করার নীতি নিয়েছে। জার্মানি সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং ইতালি আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্র বসানোর পরীক্ষায় নেমেছে।
যুক্তি সবখানেই এক—ভেতরের নাগরিকের আস্থা ধরে রাখতে প্রবেশদ্বারে তালা লাগানো। অর্থনীতির ভাষায় একে বলা যায় প্রবেশাধিকারের রেশনিং, যেখানে কল্যাণের অধিকার না কমিয়ে কল্যাণে ঢোকার অধিকার কমানো হয়।
এর প্রভাব অভিবাসীদের জীবনে সরাসরি পড়ছে। আইনি পথ সংকীর্ণ হলে অনিয়মিত পথের বাজার ফুলে ওঠে, আর তার মূল্য মেটায় সবচেয়ে দরিদ্র পরিবারগুলো। যে তরুণ জমি বিক্রি করে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে ভূমধ্যসাগরের নৌকায় ওঠেন, তিনি আসলে এই নীতিসংকোচনেরই শেষ ক্রেতা। যাঁরা ভেতরে আছেন, তাঁদের জন্য তৈরি হচ্ছে দ্বিস্তর নাগরিকত্ব: কল্যাণ পেতে দীর্ঘ অপেক্ষা, আবাসনে বৈষম্য এবং অনিশ্চিত চুক্তির কাজ। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি তাঁদের দ্বিগুণ আঘাত করে, কারণ তাঁদের সঞ্চয় কম, পারিবারিক সুরক্ষাজাল নেই এবং দেশে টাকা পাঠানোর দায় রয়েছে।
কার্ল মার্কসের ‘শিল্প-রিজার্ভ বাহিনী’র ধারণা এখানে অস্বস্তিকরভাবে মিলে যায়। পুঁজি সব সময় এমন একটি শ্রমস্তর পছন্দ করে যাকে প্রয়োজনে ডাকা যায় এবং প্রয়োজন ফুরালে ছেড়ে দেওয়া যায়। কঠোর অভিবাসননীতি এই স্তরকে মুছে ফেলে না; বরং আরও অরক্ষিত করে তোলে। আইনি মর্যাদা নড়বড়ে শ্রমিক দর-কষাকষিতে দুর্বল থাকে, ফলে মালিকের কাছে তারা আরও সস্তা হয়। বাইরে থেকে মনে হয় রাষ্ট্র অভিবাসন কমাচ্ছে; কিন্তু ভেতরে-ভেতরে একটি অনানুষ্ঠানিক শ্রমবাজার টিকিয়ে রাখা হচ্ছে। আধুনিক ইউরোপীয় পুঁজিবাদের এই অধ্যায়টি কেউ উচ্চস্বরে পড়ে না।
তাহলে সামনে কী অপেক্ষা করছে? আমার হিসাবে তিনটি পথ খোলা। প্রথম পথে ইউরোপ হয়ে উঠবে ‘দুর্গ-কল্যাণরাষ্ট্র’: সীমান্ত হবে কঠোর, কল্যাণ থাকবে কেবল নাগরিকদের জন্য এবং শ্রমঘাটতি মেটানো হবে স্বয়ংক্রিয়করণ ও স্বল্পমেয়াদি অতিথি-শ্রমিক দিয়ে।
দ্বিতীয় পথে জনমিতির চাপ এতটাই বাড়বে যে অর্থনৈতিক বাস্তবতা রাজনৈতিক বাগাড়ম্বরকে পরাজিত করবে এবং ঘাটতিপূর্ণ খাতে নিয়ন্ত্রিত কিন্তু প্রকৃত অভিবাসনের দরজা খুলবে। তৃতীয় পথটি সবচেয়ে অবাঞ্ছিত: কল্যাণরাষ্ট্রের ধীর মৃত্যু, যেখানে অভিবাসী এবং স্থানীয় নিম্নবিত্তরা সংকুচিত সুরক্ষার সামান্য অংশ নিয়ে নিজেদের মধ্যে লড়াই করবে।
আগামী এক দশকে প্রথম ও দ্বিতীয় পথের মিশ্রণই বাস্তব হবে বলে আমার ধারণা। দক্ষতাভিত্তিক, চুক্তিনির্ভর এবং অস্থায়ী মর্যাদার অভিবাসন বাড়বে; তবে আশ্রয় ও স্বল্পদক্ষ শ্রেণির ক্ষেত্রে কড়াকড়ি স্থায়ী রূপ নেবে। নার্সিং, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং কারিগরি পেশায় চাহিদা বজায় থাকবে; কিন্তু সেই চাহিদা মেটানোর প্রতিযোগিতা হবে বৈশ্বিক এবং দর-কষাকষির চাবিকাঠি থাকবে গন্তব্য দেশের হাতে। বাংলাদেশের মতো শ্রমপ্রেরক দেশের কাছে ইউরোপ আর ‘সহজ গন্তব্য’ থাকবে না।
এখান থেকে নীতিনির্ধারকদের জন্য শিক্ষা অত্যন্ত স্পষ্ট। ভাষাশিক্ষা, আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় শ্রমচুক্তি এবং দালালমুক্ত আইনি অভিবাসন এখন আর ঐচ্ছিক সংস্কার নয়; বরং রেমিট্যান্স-নির্ভর অর্থনীতির টিকে থাকার প্রধান শর্ত। ইউরোপের দরজা পুরোপুরি বন্ধ হবে না; কিন্তু যেটুকু খোলা থাকবে তা হবে আরও বাছাই করা, আরও শর্তযুক্ত এবং আরও ব্যয়বহুল। যে রাষ্ট্র এই বাস্তবতার জন্য তরুণদের প্রস্তুত করবে না, সে আসলে তাদের দালালের হাতেই তুলে দেবে।
শেষ পর্যন্ত ইউরোপের সংকট একটি সরল প্রশ্নে এসে ঠেকে: সমৃদ্ধির সীমানা কোথায় টানা হবে, আর সংহতির পরিধি কত দূর?
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৭৯৫ সালে প্রত্যেক মানুষের ‘সর্বজনীন আতিথেয়তা’র অধিকারের কথা লিখেছিলেন। দুই শতাব্দী পর সেই মহাদেশই আতিথেয়তাকে সীমান্তরক্ষীর খাতায় তুলে দিয়েছে। যে সমাজ নিজের নৈতিক দাবির চেয়ে নিজের হিসাবের খাতাকে বড় করে দেখে, সে হয়তো কিছুদিন নিরাপদ থাকে। কিন্তু সে আর নিজেকে আলোকময়তার উত্তরাধিকারী বলে দাবি করতে পারে না। দেয়াল দিয়ে হিসাব মেলানো যায়; বিবেক মেলানো যায় না।
কায়সুল খান, গবেষক, পলিসি অ্যানালিস্ট ও কলামিস্ট, লিসবন। ই-মেইল: [email protected]
*মতামত লেখকের নিজস্ব