বর্তমান সময়ে আমাদের সকালের শুরুটা হয় এক অদ্ভুত অস্থিরতা আর তাড়াহুড়োর মধ্য দিয়ে। ঘুম থেকে জাগার পরপরই আমাদের হাত চলে যায় স্মার্টফোনের স্ক্রিনের দিকে; সেখানে জমে থাকা অসংখ্য বার্তা, সংবাদের চাপ আর কর্মব্যস্ততার চিন্তায় আমরা ভোরের স্নিগ্ধতাকে উপভোগ করার সুযোগ পাই না।

অথচ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মদিনার এক সাধারণ মাটির ঘরে নবীজির প্রতিটি সকাল শুরু হতো গভীর কৃতজ্ঞতা, প্রশান্তি আর ভালোবাসার পরশে। দিনের প্রথম প্রহরটিকে কীভাবে আত্মিক শক্তি ও মানবিক উষ্ণতায় ভরিয়ে তোলা যায়, মহানবী (সা.)-এর ভোরবেলার জীবনযাপন তারই এক অনন্য দৃষ্টান্ত ও দিকনির্দেশনা।

কৃতজ্ঞতা দিয়ে দিনের সূচনা

ফজরের আজানের ঠিক আগমুহূর্তে মদিনার আকাশ যখন আবছা আলোয় ভরে উঠত, মহানবী (সা.) তখন হয়তো সারারাত ইবাদত শেষে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন, অথবা খুব অল্প সময়ের জন্য বিশ্রাম নিতেন। কৃষ্ণাঙ্গ সাহাবি বেলালের সুমধুর কণ্ঠে ফজরের আজান ধ্বনিত হলে তিনি জাগ্রত হতেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আজান শুনতেন এবং মুয়াজ্জিনের সাথে সুর মিলিয়ে আজানের জবাব দিতেন।

ঘুম থেকে উঠে প্রথমেই তিনি পিলুগাছের (আরাক) ডালের তৈরি মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। এরপর নতুন একটি দিন উপহার পাওয়ার কৃতজ্ঞতায় তিনি বলতেন, “সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬৩১২)

ঘরেই দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর জামাতের অপেক্ষায় তিনি ডান কাত হয়ে সামান্য সময় শুয়ে থাকতেন। এই নিরিবিলি সময়ে তাঁর স্ত্রী জেগে থাকলে তাঁদের মধ্যে কোমল ও ভালোবাসাপূর্ণ আলাপচারিতা হতো।

ভোরের এই সতেজ সময়ে তিনি কখনো হৃদয়স্পর্শী উপদেশ দিতেন, যা শুনে সাহাবিদের চোখ সিক্ত হতো; কখনো কৌতূহল-জাগানিয়া প্রশ্ন করতেন, আবার কখনো সাহাবিদের দেখা স্বপ্নের ব্যাখ্যা দিতেন। মহানবী (সা.) প্রায়ই সাহাবিদের মনে করিয়ে দিতেন যে, সুস্থ শরীর, নিরাপদ পরিবেশ এবং এক দিনের খাবারের নিশ্চয়তা নিয়ে যে ব্যক্তির সকাল হয়, সে যেন গোটা পৃথিবীর মালিক হয়ে গেল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪১৪১)

মসজিদের পথে ও সাহাবিদের সান্নিধ্যে

মসজিদে মুসল্লিরা সমবেত হলে বেলালের (রা.) মাধ্যমে নবীজি নামাজের কথা জানতে পারতেন। ঘর থেকে বের হওয়ার সময় তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া পড়তেন, যেন তিনি নিজে পথভ্রষ্ট না হন কিংবা অন্য কারও ক্ষতির কারণ না হন। এরপর ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার প্রার্থনা করতেন।

জামাতে দীর্ঘ ও প্রশান্তিময় ফজরের নামাজ শেষ করে তিনি সকালের জিকির-আজকার সম্পন্ন করতেন এবং মুসল্লিদের দিকে ফিরে বসতেন। সূর্যোদয় পর্যন্ত সাহাবিদের সঙ্গে এই আসরেই তাঁর সময় কাটত। (সহিহ মুসলিম, হাদিস: ৬৭০)

ভোরের এই সতেজ সময়ে তিনি কখনো হৃদয়স্পর্শী উপদেশ দিতেন, যা শুনে সাহাবিদের চোখ সিক্ত হতো, কখনো কৌতূহল-জাগানিয়া প্রশ্ন করতেন, আবার কখনো সাহাবিদের দেখা স্বপ্নের ব্যাখ্যা দিতেন কিংবা তাঁদের দৈনন্দিন জীবনের গল্প পরম মমতায় শুনতেন।

ঘরে ফেরা ও অনাড়ম্বর প্রাতরাশ

সূর্য ওঠার পর মহানবী (সা.) ঘরে ফিরে আসতেন। ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নিতেন এবং পুনরায় মিসওয়াক করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৩)

পরিবারের সবার কুশল জিজ্ঞেস করে তিনি তাঁদের জন্য দোয়া করতেন। এরপর জানতে চাইতেন ঘরে সকালের কোনো খাবার আছে কি না। খাবার থাকলে তা গ্রহণ করতেন, আর না থাকলে সহজভাবে হাসিমুখে বলতেন, “তাহলে আমি আজ রোজা রাখলাম।” (সহিহ মুসলিম, হাদিস: ১১৫৪)

সকালের এক কাপ কফি বা নির্দিষ্ট কোনো নাশতা না পেলে আমরা যেমন অস্থির হয়ে পড়ি, নবীজির জীবনে তেমন কোনো জাগতিক আসক্তি ছিল না। দিনের প্রথম প্রহরটি যদি যন্ত্রের বদলে স্রষ্টার স্মরণ আর প্রিয়জনের ভালোবাসায় শুরু হয়, তবে পুরো দিনটিই হয়ে উঠতে পারে প্রশান্তিময় ও কল্যাণকর।

আমাদের যান্ত্রিক সকালে নবীজির শিক্ষা

নবীজি তাঁর উম্মতের জন্য ভোরবেলায় বরকত চেয়ে দোয়া করেছিলেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১২১২)

তাঁর সকালের প্রতিটি পদক্ষেপে ছিল গভীর সচেতনতা—ঘর থেকে বের হওয়া, মসজিদে প্রবেশ করা কিংবা পোশাক পরার মতো প্রতিটি কাজের শুরুতেই তিনি স্রষ্টাকে স্মরণ করতেন। ভোরের আলো ফোটার আগেই পরিবারের মানুষ ও সঙ্গীদের খোঁজ নেওয়া, কৃতজ্ঞচিত্তে দিন শুরু করা এবং অল্পতেই সন্তুষ্ট থাকার এই নববি আদর্শ আজও আমাদের অস্থির জীবনে একপশলা শীতল বাতাস বইয়ে দিতে পারে।

দিনের প্রথম প্রহরটি যদি যন্ত্রের বদলে স্রষ্টার স্মরণ আর প্রিয়জনের ভালোবাসায় শুরু হয়, তবে পুরো দিনটিই হয়ে উঠতে পারে প্রশান্তিময় ও কল্যাণকর।