মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অনুভূতি হলো সুখ। এই এক পরশপাথরের সন্ধানে মানুষ আজীবন ছুটে চলে। তবে বর্তমান আধুনিক যুগে এসে সুখের সংজ্ঞা যেন এক অদ্ভুত রূপ ধারণ করেছে। শপিং মলের চাকচিক্যময় আয়োজন, বিনোদন জগতের আকর্ষণ কিংবা নামী-দামী ব্র্যান্ডের পণ্য—সবই যেন আজ মানুষের কাছে ‘সুখ’ হিসেবে বিক্রি করার চেষ্টা করছে। মানুষের মনে এই ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে, প্রচুর অর্থ-সম্পদ, ক্ষমতা আর ভোগবিলাসের মধ্যেই জীবনের প্রকৃত তৃপ্তি লুকিয়ে আছে। কিন্তু বাস্তব চিত্র এর সম্পূর্ণ বিপরীত। মানুষ যত বেশি বস্তুগত অর্জনের পেছনে ছুটছে, তার একাকীত্ব আর মানসিক বিষাদ ততই প্রকট হচ্ছে।
সুখ নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দার্শনিক ভাবনা আবর্তিত হয়েছে। মধ্যযুগের খ্রিষ্টীয় দর্শনে মনে করা হতো, আদি পাপের কারণে এই পৃথিবীতে মানুষের পক্ষে নিখুঁত সুখ লাভ করা সম্ভব নয়। (সেন্ট অগাস্টিন, দ্য সিটি অব গড , ২/৩১৫, পেঙ্গুইন ক্লাসিকস, লন্ডন, ২০০৩)
অষ্টাদশ শতকে এসে টমাস জেফারসন সুখের অন্বেষণকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেন। তবে পরবর্তীতে তিনিও স্বীকার করেছিলেন যে, পার্থিব জীবনে বিপদ-আপদের আধিক্যের কারণে নিরবচ্ছিন্ন সুখ পাওয়া প্রায় অসম্ভব। (টমাস জেফারসন, নোটস ফর অ্যান অটোবায়োগ্রাফি , পৃষ্ঠা: ৪৫, লাইব্রেরি অব আমেরিকা, নিউ ইয়র্ক, ১৯৮৪)
উনিশ শতকের পর থেকে ভোগবাদ সুখকে আল্লাহর স্থান থেকে সরিয়ে জাগতিক পণ্যে রূপান্তর করেছে। অথচ আধুনিক বিশ্বে মানুষের মাথাপিছু আয় এবং বৈষয়িক স্বাচ্ছন্দ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেলেও সামগ্রিক সুখের মাত্রা বাড়েনি; বরং হতাশা ও বিষণ্নতা বেড়েছে। কারণ, বাইরের প্রাচুর্য দিয়ে ভেতরের হাহাকার কখনো মেটানো সম্ভব নয়। এই চিরন্তন সত্যটি প্রিয় নবী (সা.) অত্যন্ত দরদ দিয়ে এক বাক্যে স্পষ্ট করে দিয়েছেন, ‘প্রচুর ধন-সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী তো সে-ই, যার অন্তর ধনী।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)
ইসলামের দৃষ্টিতে সুখ কোনো ক্ষণস্থায়ী উচ্ছ্বাস বা জাগতিক প্রাপ্তি নয়; বরং সুখ হলো হৃদয়ের গভীর এক প্রশান্তি বা স্থিরতা। জাগতিক কোনো বস্তুতে নয়, বরং আল্লাহর স্মরণেই মানুষ প্রকৃত সুখ বা প্রশান্তি লাভ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।’ (সুরা আর-রাদ, আয়াত: ২৮)
রাসুল (সা.) সুখের সাথে অল্পেতুষ্টির বিষয়টি যুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘ওই ব্যক্তি সফল (সুখী) হয়ে গেছে, যে ইসলাম গ্রহণ করেছে, যাকে প্রয়োজনমাফিক রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট থেকেছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৫৪)
একজন বিশ্বাসী মানুষ জানেন যে, এই পৃথিবী তার অনন্ত জীবনের শেষ ঠিকানা নয়, বরং এটি একটি পরীক্ষাকেন্দ্র মাত্র। সৃষ্টিকর্তার পরিচয় জানা এবং তাঁর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকার মাঝেই নিহিত আছে জীবনের পরম তৃপ্তি। বর্তমান সময়ে মানুষের সুখী হওয়ার যেসব উপায় খুঁজে পাওয়া যাচ্ছে, তা দেখলে অবাক হতে হয়। শত শত বছর আগে ইসলাম জীবনযাপনের যে পথ দেখিয়েছিল, আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ ফলাফল যেন ঠিক তারই পুনরাবৃত্তি করছে। সেই উপায়গুলো হলো:
১. অন্যের সঙ্গে তুলনা বন্ধ করা: মনোবিজ্ঞানী সোনিয়া লিউবোমিরস্কির গবেষণা অনুযায়ী, মানুষ যখন নিজের প্রাপ্তির চেয়ে অন্যের অর্জনের দিকে বেশি তাকায়, তখন তার ভেতরের সুখ হারিয়ে যায় (সোনিয়া লিউবোমিরস্কি, দ্য হাউ অব হ্যাপিনেস , পৃষ্ঠা: ৪২, পেঙ্গুইন প্রেস, নিউ ইয়র্ক, ২০০৮)। কোরআনে এই তুলনা ও লোভের পথ বন্ধ করে দিয়ে বলা হয়েছে, ‘আমি বিভিন্ন দলকে পার্থিব জীবনের যে জাঁকজমক দিয়েছি, আপনি তার দিকে দৃষ্টি প্রসারিত করবেন না; এগুলো দিয়ে তো আমি তাদের পরীক্ষা করি। আপনার প্রতিপালকের দেওয়া জীবনোপকরণই উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা তাহা, আয়াত: ১৩১)
২. হাসিমুখ ও সম্পর্কের গভীরতা: গবেষণায় দেখা যায়, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং চেহারায় মৃদু হাসি ধরে রাখা মানসিক অবসাদ দূর করতে দারুণ ভূমিকা রাখে। (এড ডিনার ও রবার্ট বিশ্বাস-ডিনার, হ্যাপিনেস: আনলকিং দ্য মিস্ট্রিজ অব সাইকোলজিক্যাল ওয়েলথ , পৃষ্ঠা: ৬৩, ব্ল্যাকওয়েল পাবলিশিং, অক্সফোর্ড, ২০০৮)। মহানবী (সা.) এই আচরণকেই ইবাদতের অংশ বানিয়ে দিয়ে বলেছেন, ‘তোমার ভাইয়ের সামনে তোমার হাসিমুখ একটি দান সদকা।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৬)
৩. কৃতজ্ঞতাবোধ ও পরোপকার: বিজ্ঞানী রবার্ট ইমন্সের মতে, নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বহুগুণ বাড়িয়ে দেয়। (রবার্ট ইমন্স, থ্যাংকস! হাউ দ্য নিউ সায়েন্স অব গ্র্যাটিটিউড ক্যান মেক ইউ হ্যাপিয়ার , পৃষ্ঠা: ২৯, হাউটন মিফলিন কোম্পানি, বোস্টন, ২০০৭)। আল্লাহ-তাআলাও বান্দাকে সেই পথ বাতলে দিয়েছেন, ‘তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৭)। পাশাপাশি নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার মধ্যে যে স্বর্গীয় আনন্দ রয়েছে, ইসলাম তাকেই মানুষের শ্রেষ্ঠ গুণ হিসেবে তুলে ধরেছে। (সুরা নিসা, আয়াত: ৩৬)
জীবনের অপ্রত্যাশিত ঝড়-ঝাপটা একজন মুমিনকে একেবারে নিঃস্ব বা আশাহীন করে ফেলতে পারে না। আনন্দ ও বেদনার এই দোলাচলে একজন মুমিনের মনের অবস্থা মহানবী (সা.) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘মুমিনের প্রতিটি বিষয়ই আশ্চর্যজনক, সবই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক। আর যদি সে বিপদে পড়ে তবে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণকর।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)