নারীদের জন্য নতুন এক ধরনের গর্ভনিরোধক ওষুধ বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। 'মেডোজেন সাবকিউ' নামের এই গর্ভনিরোধকটি ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হয়। প্রসূতি রোগবিশেষজ্ঞদের মতে, এই নতুন গর্ভনিরোধকটি নারীদের জন্য অত্যন্ত ব্যবহারবান্ধব।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইনসেপ্টা এই নতুন গর্ভনিরোধকটি বাজারে আনার কথা ঘোষণা করে। উল্লেখ্য, মূল গর্ভনিরোধকটি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ কোম্পানি ফাইজার এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। ইনসেপ্টা প্রথম জেনেরিক সংস্করণ হিসেবে এটি বাজারে নিয়ে এসেছে।
গর্ভনিরোধকটির কার্যকারিতা ও প্রয়োগ বিষয়ে মূল উপস্থাপনায় প্রজনন স্বাস্থ্যবিশেষজ্ঞ এবং ঢাকা ফার্টিলিটি সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক মারুফ সিদ্দিকী বলেন, "ডায়াবেটিস রোগী যেভাবে ইনসুলিন দেন, মেডোজিন সাবকিউ ঠিক সেভাবেই ত্বকের নিচে দিতে হয়। ব্যবহার সহজ।"
নারীদের জন্য প্রচলিত বিভিন্ন ধরনের গর্ভনিরোধকের উদাহরণ তুলে ধরে তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে নারীরা অস্বস্তি বোধ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে তা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেই দিক বিবেচনা করে নতুন এই গর্ভনিরোধকটি অনেক বেশি ব্যবহারবান্ধব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)–এর সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। তিনি বলেন, "মেডোজেন সাবকিউ ইনজেকশনটি শুধু বাংলাদেশের নারীদের জনই নয়, বরং সারা বিশ্বের নারীদের জন্য আশীর্বাদস্বরূপ। মেডোজেন সাবকিউর নিরাপদ কার্যকারিতা ও স্বপ্রয়োগযোগ্য ব্যবহারবিধি নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।"
জানা গেছে, প্রায় দুই দশক আগে ফাইজার এই ওষুধটি উদ্ভাবন করেছিল, যার মূল নাম ছিল 'সায়ানাপ্রেস'। ইনসেপ্টা সেই মূল ওষুধটিকে হুবহু তৈরি বা কপি করে এই জেনেরিক সংস্করণটি প্রস্তুত করেছে।
অনুষ্ঠানে ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, “২০১১ সাল থেকে ওষুধটি তৈরির চেষ্টা করছি। বলা যায়, ২০২৬ সালে এসে সফল হয়েছি। এর পেছনে আছে কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষ।” তিনি আরও উল্লেখ করেন যে, মেডোজেন সাবকিউর কাঁচা মাল বা মূল উপাদান (এপিআই)-ও ইনসেপ্টা নিজেই তৈরি করছে।
স্বাগত বক্তব্যে ওজিএসবির মহাসচিব এফ এম এনামুলক হক জানান, মেডোজেন সাবকিউ একজন নারী খুব সহজেই তাঁর বাসায় নিয়ে যেতে পারবেন এবং এটি সহজে কেনা যাবে। তবে এর সহজলভ্যতার কারণে অপব্যবহারের সুযোগ থাকতে পারে বলে তিনি সতর্ক করেন। এই বিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুশাররাত সুলতানা প্রমুখ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।
অনুষ্ঠান শেষে ইনসেপ্টার কর্মকর্তারা মুক্তকণ্ঠকে জানিয়েছেন, মেডোজেন সাবকিউ এখন থেকে বাজারে পাওয়া যাবে। একটি ইনজেকশনের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা এবং এটি ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। এছাড়া তারা এই ইনজেকশনটি আফ্রিকার দেশ জাম্বিয়াতে রপ্তানি করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।