রাজধানী ঢাকায় একজন ব্যাটারিচালিত রিকশার চালক মাসে গড়ে আয় করেন ২৯ হাজার টাকা। তবে এই আয়ের একটি বড় অংশ ব্যয় হয় রিকশার মালিকের জমার পেছনে। গবেষণায় দেখা গেছে, চালকদের মাসে গড়ে ১০ হাজার ৩২৩ টাকা মালিককে জমা দিতে হয়, যা তাদের মোট আয়ের প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ।

ব্র্যাক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর একটি যৌথ গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়নে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি সংলাপের আয়োজন করা হয়। সেখানে বিআইজিডি-র অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী গবেষণার ফলাফলসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক এই গবেষণার জন্য ঢাকা ও বরিশালের মোট ৪৫০ জন রিকশাচালকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। গত জুন ও জুলাই মাসে পরিচালিত এই জরিপে দেখা গেছে, চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান এবং মাত্র ১৮ শতাংশ চালকের নিজস্ব রিকশা রয়েছে।

গবেষণার তথ্যানুসারে, ঢাকায় জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ৩ শতাংশ অন্য জেলা থেকে অভিবাসিত হয়ে এসেছেন। তাঁদের মধ্যে ৮৪ দশমিক ২ শতাংশই জানিয়েছেন, নিজ এলাকায় কাজের সুযোগের অভাব এবং আয়ের সীমাবদ্ধতার কারণেই তাঁরা ঢাকায় আসতে বাধ্য হয়েছেন।

জীবিকার সংকটের কথা উল্লেখ করে গবেষণায় বলা হয়, জরিপে অংশ নেওয়া চালকদের ৪২ দশমিক ২ শতাংশ গত এক বছরে বড় ধরনের অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন। তাঁদের মধ্যে ৮৭ দশমিক ৯ শতাংশ চালক জানান, ওই সংকটের ফলে তাঁদের আয় অর্ধেকের বেশি কমে গেছে অথবা কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে তাঁদের ঋণ নিতে হয়েছে। এমনকি ৬২ দশমিক ৯ শতাংশ চালক জানিয়েছেন, আয় বন্ধ হয়ে গেলে তাঁরা এক সপ্তাহের বেশি সময় সংসার চালাতে পারবেন না।

সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্রও ফুটে উঠেছে এই গবেষণায়। জরিপের আগের এক মাসে (মে মাসে) অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ২৬ দশমিক ৭ শতাংশ চালক। অন্যদিকে, আইনি বৈধতার অভাব প্রকট; দেখা গেছে ৯৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স নেই। বাকি ৪ শতাংশ চালক সিটি করপোরেশন ও প্রতিবন্ধী সংগঠন থেকে প্রাপ্ত অনুমতিপত্র নিয়ে রিকশা চালান।

গবেষণায় সতর্ক করা হয়েছে যে, আকস্মিকভাবে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা হলে বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে চালকদের আয় কমে যাবে, যা তাঁদের পরিবারের ওপর চরম চাপ সৃষ্টি করবে। তাই যেকোনো নিয়ন্ত্রণব্যবস্থা প্রণয়নের সময় চালকদের জীবিকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।

স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ সম্পর্কে গবেষণায় বলা হয়, এই খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকির পাশাপাশি এই খাতের সাথে যুক্ত মানুষের জীবন-জীবিকার কথা মাথায় রাখতে হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। তবে তিনি সতর্ক করে বলেন, সবাই যদি ঢাকামুখী হতে থাকে, তবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই। তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব।”

দেশে ব্যাটারি রিকশার সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সামছুল হক গণপরিবহন ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেন। তিনি বলেন, বাংলাদেশ বাসকে আকর্ষণীয় যানবাহন হিসেবে গড়ে তুলতে পারেনি। মেট্রোরেল আকর্ষণ তৈরি করেছে। যাঁর গাড়ি আছে, তিনিও গাড়ি বাসায় রেখে মেট্রোরেলে চলাচল করেন। এটা গতির জন্য নয়, নির্ভরযোগ্যতার জন্য। অন্য কোনো পরিবহন এটা দিতে পারেনি।

প্যানেল আলোচনায় মুক্তকণ্ঠের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বাংলাদেশে বৈষম্য বৃদ্ধি, সুশাসনের ঘাটতি ও সবকিছুর ঢাকাকেন্দ্রিকতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ব্যাটারিচালিত রিকশা আসলে এসবের একটা প্রতিফলন, খুব কুৎসিত প্রতিফলন। এটা শুধু টোটকা দিয়ে কিছু সেরে ফেলা যাবে, তা তাঁর কাছে মনে হয় না।”

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে গবেষণায় বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলের এলাকা নির্দিষ্ট করা। কোন সড়কে চলবে, কত গতিতে চলবে এবং কোথায় পার্কিং ও যাত্রী ওঠানামা করবে, তা স্পষ্ট করার কথা বলা হয়েছে।

গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ ও চার্জিংব্যবস্থার নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনে গ্যারেজগুলোর মানোন্নয়ন ও স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পুরোনো ব্যাটারি সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের নিরাপদ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জগুলো আছে, তা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে, একটি ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) মাধ্যমে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার এবং ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান।