চাঁদাবাজদের হুমকির মুখে গতকাল সোমবার রাতে খুলনা নগরের মজিদ সরণি এলাকায় অবস্থিত পালংকি রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলে রেস্তোরাঁটি পুনরায় চালু করা হয়। তবে বেলা তিনটার দিকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর সেটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
পালংকি রেস্টুরেন্ট ছাড়াও আজ সকালে নগরের সদর থানা এলাকায়, দুপুরে লবণচরা থানা এলাকায় এবং আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় পৃথক পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টের একজন কর্মী জানান, নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই হানাজালা নামের এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি নগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। পুলিশও এই বিষয়ে অবগত ছিল। মালিকপক্ষ এক পক্ষের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করলেও সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকির ফলে আতঙ্কিত হয়ে রাতে রেস্তোরাঁটি বন্ধ করে দেয় মালিকপক্ষ এবং আজ সকালেও তা খোলা হয়নি।
বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা-পুলিশ রেস্তোরাঁয় গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয়। এরপর বেলা তিনটার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্তোরাঁ লক্ষ্য করে একটি গুলি ছুড়ে পালিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ূন কবির মুক্তকণ্ঠকে বলেন, ‘রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে বেশ কিছুদিন ধরে চাঁদা চাওয়া হচ্ছিল বলে শুনেছি। গতকাল সন্ধ্যায় আবারও চাঁদা দাবি করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ সেখানে গিয়ে রেস্তোরাঁটি বন্ধ দেখতে পায়। পরে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সেটি খোলার ব্যবস্থা করেন। বেলা তিনটার দিকে দুর্বৃত্তরা একটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে পরে রেস্তোরাঁটি আবার খোলা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের টহল রয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।’
অন্যদিকে, আজ বেলা আড়াইটার দিকে নগরের লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়, তবে কেউ হতাহত হননি। এ বিষয়ে টুটুল কোনো কথা বলতে রাজি হননি।
টনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের টহল রয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
টুটুলের এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। আজ দুর্বৃত্তরা তাঁর শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এর আগে আজ সকালে নগরের সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মোহন্ত মুক্তকণ্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। গুলি কারও গায়ে লাগেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় পান্নু খলিফার চায়ের দোকানের সামনে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা মুখোশধারী লোকজন এই ঘটনা ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি।
আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি তিনটি গুলি ছোড়ে। এরপর তারা মোটরসাইকেলে করে শাহাপুর বাজারের দিকে চলে যায়। ওই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।